রাঙ্গুনিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজ শনিবার ভোরে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সুফি গোট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সুফি গোট্টা এলাকায় আজ ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কাপ্তাই থেকে চট্টগ্রামগামী মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক মির্জা মাহমুদ বেগ (৪০) ও শ্রমিক মো. রিদুয়ান (৩০) ঘটনাস্থলেই মারা যান। মাহমুদ বেগ চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মো. কামাল বেগের ছেলে। রিদুয়ান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আমানউল্লাহ চর গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে। আহত বাসচালক কবির হোসেন (২৯), বাসযাত্রী মো. আনোয়ার (৩৪), ফকরুল ইসলাম (২৫) ও রফিকুল ইসলামকে (৩১) প্রথমে চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।