রাঙ্গুনিয়ায় ১০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকার মালামাল লুট
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারে গতকাল শুক্রবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাজারের দুটি স্বর্ণের দোকানসহ আটটি দোকান থেকে ডাকাতেরা ১০ ভরি স্বর্ণের অলংকার ও অন্তত ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কালো পোশাক পরে ডাকাতেরা র্যাব পরিচয় দিয়ে বাজারে প্রবেশ করে জানা গেছে। বাজারের চৌকিদার আবদুল শুক্কুর ও জাহাঙ্গীর আলম জানান, কালো পোশাক পরিহিত ১১-১২ জনের সশস্ত্র ডাকাত দল দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে রাত দুইটার দিকে ওই বাজারে প্রবেশ করে। ডাকাতেরা প্রথমে তাঁদেরকে জিম্মি করে। পরে তারা বাজারে কর্মরত একটি দোকানের চার নির্মাণ শ্রমিক ও দোকানি সুমনকে দড়ি দিয়ে বেঁধে আটটি দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ডাকাতির মামলা করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ক্ষেত্রবাজারে ডাকাতি হওয়া দোকানগুলো সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।