রাঙ্গুনিয়ায় ১০০০ লিটার মদসহ মাইক্রোবাস আটক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় স্থানীয় লোকজন এক হাজার লিটার পাহাড়ি মদসহ একটি মাইক্রোবাস আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মদসহ মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে স্থানীয় লোকজন খবর পায় যে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে পাহাড়ি মদ নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। এরপর স্থানীয় লোকজন রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথায় মাইক্রোবাসটি আটকের চেষ্টা করে। এ সময় চালক সজোরে মাইক্রোবাসটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন ধাওয়া করে। পরে মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যান। রাঙ্গুনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পীযূষ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসটি থেকে প্রায় এক হাজার লিটার পাহাড়ি মদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।