রাজউক কলেজে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী আন্তস্কুল ও কলেজ বিজ্ঞান উৎসব ২০১১। ১৫টি স্কুল ও নয়টি কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয় এই উৎসবে। এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহা. গোলাম হোসেন সরকার পিএসসি। তিনি বলেন, ‘মুখস্থবিদ্যার বদলে যুক্তি, মননশীলতা ও মুক্তবুদ্ধির বিকাশের মধ্যমে বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে হবে।’ উৎসবের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার ব্যাপারে আরও কাজ করছে। তবে বিজ্ঞান শিক্ষার প্রতি সন্তানদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন। উদ্বোধনী দিনে দুটি গ্রুপে পদার্থ, রসায়ন ও গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা ও তৃতীয় দিনে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতি দিনই ছিল প্রজেক্ট প্রদর্শনী ও প্রজেক্ট বিচার।উৎসবের তিন দিন ধরে ছিল শিক্ষার্থীদের উৎসাহ। রসায়ন অলিম্পিয়াড চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাফিউর রহমান বলেন, ‘আমি নিয়মিত এ ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি। এসব উৎসবে পাওয়া পুরস্কার আমাকে সব সময়ই উৎসাহ জোগায়।’ বিজ্ঞান ক্লাবের মডারেটর খন্দকার আনিসুল হক বলেন, ‘শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমাদের এই উৎসবে। ১৫০টি প্রজেক্টের মধ্যে অধিকাংশ প্রজেক্টই ছিল নতুনত্বের ছোঁয়া। তরুণদের এ আবিষ্কার সারা দেশে ছড়িয়ে দিতে পারলে শিক্ষার্থীরা আরও উৎসাহ পেত।’ উৎসবে সবচেয়ে বেশি পুরস্কার পায় রাজউক উত্তরা মডেল কলেজ। এরপর রেসিডেনসিয়াল মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। উৎসবের শেষদিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবটি আয়োজন করে রাজউক বিজ্ঞান ক্লাব । সহযোগিতায় ছিল ট্রাস্ট ব্যাংক। জয়দীপ সুমন