রাজউক চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার প্রতি রুল জারি
আদালত অবমাননার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। অপর দুজন হলেন রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ও থিম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম মোস্তাফিজুর রহমান। আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা শেখ মনির আহমেদ গতকাল মঙ্গলবার আবেদনটি করেন। আজ আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারীকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে রাজউকের নকশাবহির্ভূতভাবে থিম ইঞ্জিনিয়ার্স লিমিডেটের একটি ভবন নির্মাণের বিরুদ্ধে শেখ মনির আহমেদ চলতি বছরের জুনে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সেই সঙ্গে নকশার বাইরে ভবন নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরও কাজ চালিয়ে যাওয়ায় আদালত অবমাননার আবেদনটি করা হয়।