রাজউক চেয়ারম্যানসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা ও ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হকসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একইসঙ্গে আগামী ১৬ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালতে আবেদনকারী আজিজুর রহমান মোল্লাসহ চারজনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আখতার হামিদ ও এ কি এম সোহেল রানা। এ ব্যাপারে আইনজীবী কাজী আখতার হামিদ প্রথম আলোকে বলেন, জমি রাজউক দখলে নিতে চাইলে আবেদনকারীরা ২০০৯ সালে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি ওই জমিতে বসবাসে বিঘ্ন না ঘটাতে নির্দেশ দেন। রুল বিচারাধীন থাকা অবস্থায় আদালতের ওই নির্দেশনার পরও গত ২৯ জুন ঢাকা জেলা প্রশাসক আবেদনকারীসহ ওই এলাকার জমি অধিগ্রহণ ব্যাপারে নোটিশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে চারজন আবেদন করেন। আদালত রাজউক চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অপর বিবাদীরা হলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আব্দুল মান্নান, পরিচালক (নগর পরিকল্পনা) মো. জহুিরুল হক, উপ-পরিচালক (নগর পরিকল্পনা) আবু হাসান মর্তুজা, সহকারী পরিচালক মো. আমিনুল কাইউম (নগর পরিকল্পনা), সহকারী পরিচালক চৈতি বিশ্বাস, সহকারী পরিচালক (ভূমি) রফিকুল ইসলাম সরকার, মো. জাকির হোসেন সার্ভেয়ার (ভূমি) ও মো. ফরিদুল ইসলাম, সদস্য প্রশাসন (ভূমি), পরিচালক (ভূমি) সৈয়দ নজরুল ইসলাম, প্রকৌশলী সাইদুর রহমান (প্রকল্প পরিচালক), উপ পরিচালক (ভূমি) শেখ শাহিনুল ইসলাম, ল্যান্ড ডিভিশন কানুনগো খলিলুর রহমান, কানুনগো ভূমি অধিগ্রহণ শাখা (ঢাকা কালেক্টরেট) ফজলুল হক, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ঢাকা) মো. ওয়ালিউর রহমান ও ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার খবির হোসেন।