রাজউক দুর্নীতিতে ভরপুর: মান্নান খান
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ‘রাজউক দুর্নীতিতে ভরপুর। রাজউক সম্পর্কে ভালো কথা শুনি না।’ আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, যে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়, সেই দেশের একটি সরকারি সংস্থা দুর্নীতিমুক্ত হয়ে যাবে, এটা আশা করাও ঠিক নয়।‘বাংলাদেশে ভূমিকম্প, সুনামি ও ঝড়ের প্রকোপ এবং প্রতিরোধের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অধিকাংশ ইমরাত হয়েছে ইমারত বিধিমালা না মেনে। আর তাই এ নিয়ে যদি ব্যবস্থা নিতে যাওয়া হয়, তাহলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক ভোট হারাতে পারেন বলে তাঁকে সতর্ক করে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।আজ সন্ধ্যায় আগারগাঁওয়ের পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মশালায় সংগঠনের সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদার ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তাকোয়া তোডা। বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও বেসামরিক অধিদপ্তরের মহাপরিচালক আবু নাঈম মো. শহিদুল্লাহ, জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।কর্মশালায় প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, ‘মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে বসার পরের দিনই অনুভব করি, আগ্নেয়গিরির ওপরে বসে আছি। তবে আপস করতে শিখিনি, করবও না।’ তিনি বলেন, ‘ইমারত বিধিমালা নিয়ে অনেক তদবির। কিন্তু জনগণের স্বার্থের প্রশ্নে কোনো ছাড় নয়।’মূল প্রবন্ধে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ভূমিকম্প সহ্য করতে পারে—এমনভাবে ইমারতের নকশা পাস করার বিধান রাখার ওপর জোর দেন।