রাজউকের অন্যান্য প্রকল্পেও মধ্য ও নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরি হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে উত্তরা তৃতীয় প্রকল্প এলাকার ১৮ নম্বর সেক্টরে মধ্য ও নিম্নবিত্তদের মধ্যে বরাদ্দের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২২ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্প এলাকায় অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজউকের অন্যান্য প্রকল্প পূর্বাচল, ঝিলমিল প্রভৃতি এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের ফ্ল্যাট নির্মাণ করা হবে। কারণ প্লটের চেয়ে অনেক বেশি মানুষকে ফ্ল্যাট বরাদ্দের আওতায় আনা যায়। এতে অল্প জায়গায় অনেক লোকের গৃহায়ণ নিশ্চিত করা যায়। তিনি উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় দ্রুত সড়ক নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। নির্মিতব্য ফ্ল্যাটগুলো হায়ার পার্সেজ (কিস্তি) ভিত্তিতে বরাদ্দ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগের সরকারগুলো নিম্নভূমি, লেক ভরাট করে নিজেদের আত্মীয়স্বজন ও দলীয় লোকজনের মধ্যে প্লট বরাদ্দ করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একটি লেকও ভরাট হয়নি। তিনি ধানমন্ডি লেকের মতো করে গুলশান ও বনানী লেককেও সুন্দর করার ঘোষণা দেন। রাজউকের এই বিশাল প্রকল্পে বেসরকারি নির্মাণ-প্রতিষ্ঠানগুলোকে অংশীদার করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরার তৃতীয় প্রকল্প বাস্তবায়নের সময় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দে অগ্রাধিকার দিতে রাজউককে নির্দেশ দেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা।উত্তরার ১৫ ও ১৬ নম্বর সেক্টর-লাগোয়া বেড়িবাঁধসংলগ্ন ‘ফ্ল্যাট জোন’ নামে পরিচিত এ এলাকায় মোট ২৬০টি ১৫তলা ভবনে এসব ফ্ল্যাট তৈরি হবে। এ প্রকল্পের আওতাধীন ২১৪ একর জমিতে তিন শ্রেণীতে ৮৫০ থেকে ১২৫০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি হবে। এর মধ্যে ১২৫০ বর্গফুটের ছয় হাজার ৬০৮টি, ১০৩০ বর্গফুটের সাত হাজার ৫৬টি এবং ৮৫০ বর্গফুটের আট হাজার ৮৪৮টি ফ্ল্যাট থাকবে বলে জানা গেছে। প্রকল্পটির উদ্যোক্তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে রাজউক।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক সূত্র জানায়, ঢাকা মহানগরের আবাসনসংকট নিরসনের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া প্রকল্পের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে আছে মূল শহরের ওপর থেকে জনসংখ্যার চাপ কমানো এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ইতিমধ্যেই প্রকল্প এলাকায় ৮০ শতাংশ মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে বলে রাজউক সূত্রে জানা গেছে।