রাজউকের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার উন্নয়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠন করা হচ্ছে। এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে গঠন করা হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা তাদের পর্যবেক্ষণ দিয়েছেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের উদ্দেশ্য হচ্ছে, কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এজন্য কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন ও এটা নিয়ে মাস্টার প্ল্যান করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে ও নাগরিক সুবিধা নিশ্চিত নিশ্চিত করতেই আইন করার উদ্দেশ্য।মন্ত্রিপরিষদ সচিব জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান, কয়েকজন সার্বক্ষণিক সদস্য ও খণ্ডকালীন সদস্য থাকবেন। এ কর্তৃপক্ষ আরবান প্লানিং, নাগরিক সুবিধা নিশ্চিত করা, ভূমির ব্যবহার কীভাবে হবে তার পরিকল্পনা করা, নগর পরিকল্পনা, জরিপ, ট্রাফিক ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন সুবিধা, বিনোদন, আবাসিক ভবন নির্মাণ ও আবাসিক এলাকা স্থাপন, বাণিজ্যিক এলাকা স্থাপন ইত্যাদি কাজ করবে। উন্নয়ন প্রকল্পের রূপরেখাও আইনের মধ্যে রয়েছে। অপরিকল্পিত ইমারত নির্মাণ, জলাধার খনন ও পাহাড় কাটা কীভাবে বন্ধ করা যাবে, তা নিয়েও বিস্তারিতভাবে আইনটিতে বলা হয়েছে। এই আইন অনুযায়ী সরকার কর্তৃপক্ষকে ঋণ সুবিধা ও অনুদান দেবে। তুরস্কের সঙ্গে পুঁজি- বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া অনুমোদন প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব জানান, ১৯৮৭ সালে তুরস্কের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ। চাহিদার সঙ্গে সংগতি রেখে এ চুক্তিকে যুগোপযোগী করে বিনিয়োগ সুবিধা বাড়াতে নতুন করে খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে পারস্পরিক বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে। এছাড়া বৈঠকে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক পুঁজি-বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে