রাজউকের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব অথরাইজড কর্মকর্তা, পরিদর্শক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। রাজধানীতে নির্মাণ তদারকির কার্যক্রম এবং জনগণের নিরাপত্তায় ভূমিকার বিষয়ে ব্যাখ্যা জানাতে ৪ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।ওই দিন রাজউকের চেয়ারম্যানকেও হাজির হতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।রাজউক সূত্র জানায়, ছয়জন আঞ্চলিক প্রধান পরিদর্শকসহ রাজউকে ৪২ জন পরিদর্শক আছেন। এ ছাড়া পাঁচজন অথরাইজড কর্মকর্তা ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, আইন ও বিধি অনুসারে রাজউক কাজ করে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে জনবল। জনবলসংকট থাকায় রাজউক পুরোদমে কাজ করতে পারছে না।সম্প্রতি রাজধানীর কাকরাইল এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিক নিহতের ঘটনায় ২৪ জুলাই হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে আদালত ব্যাখ্যা জানাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিল্ডিং ফর ফিউচারের চেয়ারম্যান কাজী আনিসউদ্দিন ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক প্রবাল, উপপ্রকল্প পরিচালক শেখ তানভীরুল হাসান, ব্যবস্থাপক মো. আসলাম, প্রকল্প সমন্বয়ক গাজীবুর রহমান ও আসগর আলীকে (ওই ঘটনায় করা মামলার বাদী) গতকাল হাজির হতে বলা হয়। শুনানিতে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে গতকাল আদালত ওই আদেশ দেন।গত ২৪ জুলাইয়ের নির্দেশনা অনুসারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওসি রফিকুল ইসলামসহ সাত ব্যক্তি হাইকোর্টে হাজির হন। আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রার্থনা করেন তাঁরা। শুনানি নিয়ে আদালত ওসিসহ ছয়জনকে হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে তানভীরুল হক প্রবালকে ৪ আগস্ট হাজির হতে বলা হয়েছে।বিল্ডিং ফর ফিউচারের পাঁচ কর্মকর্তার পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদী হাসান চৌধুরী; আসগর আলীর পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোতাহার হোসেন এবং ওসির পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।গতকালের শুনানি: লিফট ছিঁড়ে নিহতের ঘটনার ওপর ১২টায় শুনানি শুরু হয়। শুনানিতে পাঁচ কর্মকর্তার পক্ষে শেখ ফজলে নূর তাপস ওই বেঞ্চের ভূমিকার প্রশংসা করে বলেন, এই আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা পালন করে যাচ্ছেন। সারা দেশ এই আদালতের দিকে তাকিয়ে আছে।এ পর্যায়ে আদালত বলেন, নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিক এবং ইট পড়ে এক যুবক নিহত হওয়াসহ এমন অনেক ঘটনা ঘটছে। এর শেষ কোথায়? এর দায়দায়িত্ব কার? প্রকাশিত প্রতিবেদনের কথা তুলে ধরে আদালত বলেন, ‘দেখলাম, নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করায় পাঁচটি সংস্থাকে জরিমানা করা হয়েছে।’শেখ তাপস বলেন, আইনে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব ও কাজ সম্পর্কে বলা আছে। তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে আদালতের হস্তক্ষেপ করতে হয় না, আর দেশ সুন্দরভাবে চলবে।নির্মাণাধীন ভবনের ত্রুটি তদারকির জন্য রাজউকের কর্মকর্তা আছেন। কিন্তু তাঁরা কি সেই দায়িত্ব পালন করেছেন? গত তিন মাসে তাঁদের এই কার্যক্রমের খতিয়ান দেখুন, তাহলে দেখবেন, থলের বিড়াল বেরিয়ে এসেছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি বিষয়গুলো সঠিকভাবে দেখভাল করতেন, তাহলে এমন মর্মন্তুদ ঘটনা দেখতে হতো না। এটা দুর্ভাগ্যজনক। শুনানির একপর্যায়ে আদালত হাজির হওয়ার বিষয়ে ওই আদেশ দেন।এরপর শেখ তাপস বলেন, নির্মাণাধীন ভবনের ওই লিফট শুধু মালপত্র ওঠানো-নামানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু দুর্ঘটনার দিনে মালামালের সঙ্গে চার শ্রমিকও লিফটে ওঠেন। ওভারলোডিংয়ের কারণে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় কোম্পানির পক্ষ থেকে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।আদালত বলেন, কোম্পানির দায়িত্ব ছিল বিষয়টি পর্যবেক্ষণ করা। কর্মকর্তারা আরও সচেতন হলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না। লোডের দায়িত্বে কে ছিলেন—এর জবাবে তাপস বলেন, হান্নান ছিলেন। এ ছাড়া কোম্পানি শ্রমিকদের একাধিকবার এ বিষয়টি অবহিত করা আছে যে এই লিফট শ্রমিকদের ব্যবহারের জন্য নয়।আদালত রমনা থানার ওসির কাছে জানতে চান, মামলা কবে হয়েছে? ওসি বলেন, ২২ তারিখে। কতজন গ্রেপ্তার হয়েছে? ওসি বলেন, হান্নান গ্রেপ্তারে আছেন। অন্যদের কেন গ্রেপ্তার করা হয়নি, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তদন্ত কর্মকর্তা রশিদুল হক গিয়েছিলেন। আদালত বলেন, উনি কী বলেছেন? ওসি বলেন, আসামিদের পাননি।এ পর্যায়ে আদালত বাদী আসগরের বক্তব্য শুনতে চান। তাঁর পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন দাঁড়ালে আদালত বলেন, ‘এ মামলায় সব বড় বড় আইনজীবী দেখতে পাচ্ছি।’আদালত আসগরের কাছে জানতে চান, কেউ কি আপনাকে এই মামলায় আপসরফা করার কথা বলেছেন? আসগর বলেন, কেউ বলেনি। আদালত বলেন, ‘এই মামলা আপসযোগ্য নয়। অপরাধ করে বিচার কিনে নেবে, এটা আমরা বরদাশত করব না।’ শুনানির একপর্যায়ে আদালত রাজউকের অথরাইজড কর্মকর্তা, পরিদর্শক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৪ আগস্ট হাজির হতে নির্দেশ দেন।এ ব্যাপারে আইনজীবী মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, পাঁচ কর্মকর্তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। আদালত চারজনকে অব্যাহতি দিয়েছেন, তবে ব্যবস্থাপনা পরিচালককে ৪ আগস্ট হাজির হতে বলেছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন জানান, আদালত রাজউকের সব অথরাইডজ কর্মকর্তা, পরিদর্শক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৪ আগস্ট আসতে বলেছেন। ওই দিন চেয়ারম্যানকেও হাজির হতে বলা হয়েছে।গত ২১ জুলাই কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারের লিফট ছিঁড়ে পড়ে। এতে চার শ্রমিক নিহত হন।জানা গেছে, ‘আইরিশ নূরজাহান’ আবাসন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের একটি নির্মাণাধীন বাণিজ্যিক ও আবাসিক ভবন। ঘটনার পরদিন নির্মাণাধীন ভবনটির প্রধান শ্রমিক মো. আজগর বাদী হয়ে রমনা থানায় আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।ইট পড়ে যুবক নিহত: পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে যুবক নিহত হওয়ার ঘটনায় শুনানিকালে ২৮ জুলাই একই বেঞ্চ রাজউকের চেয়ারম্যানকে আজ মঙ্গলবার হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। তবে গতকাল ওই আদেশের আগে রাজউক চেয়ারম্যানের পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন হাজির হওয়ার সময় বৃদ্ধির আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত ৪ আগস্ট তাঁকে হাজির হতে নির্দেশ দেন।জানা গেছে, হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) গত ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। মাকে দেখে হেঁটে বাসায় ফেরার সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।এ নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এলে হাইকোর্ট ১৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পরে ২৮ জুলাই রাজউক চেয়ারম্যান ছাড়াও সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিদ মোল্লাকেও হাজির হতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে পল্লবী ও শেরেবাংলা নগর থানার ওসি, পল্লবী থানার দুই পুলিশ কর্মকর্তা আনসার আলী ও অজিত রায় এবং সাগুফতা গ্রুপের সহকারী ঠিকাদার ওসমান গনি ও সাজ্জাদ হোসেনকে হাজির হতে বলা হয়েছে।সাগুফতার তিন কর্মকর্তা: নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় করা মামলায় সাগুফতা গ্রুপের চেয়ারম্যান নূর মো. মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোহাম্মদ জুয়েল ও পরিচালক ওয়ালিদ মোল্লাকে আগামী ৮ আগস্ট পর্যন্ত হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে তাঁরা সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের প্রার্থনা করেন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।এ ব্যাপারে আনিসুল হক প্রথম আলোকে বলেন, পৃথক দুটি মামলায় তিনজনের জামিনের আবেদন জানানো হয়। আদালত ৮ আগস্ট পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন। অর্থা ৎ এ সময় পর্যন্ত জামিন তাঁদের মঞ্জুর করা হয়েছে।