রাজউকের অথরাইজড কর্মকর্তা ও পরিদর্শকসহ সব কর্মকর্তাকে ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানের কাছে সম্পদের হিসাব জমা দিতে বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমানের কী ভূমিকা ছিল এবং তাঁর কোনো অবহেলা রয়েছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।এ ছাড়া রাজউকে জমা পড়া জমি-সংক্রান্ত অভিযোগসহ অন্যান্য অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্মাণাধীন ভবনের তদারকি ও নিরাপত্তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমিকার ব্যাখ্যা জানাতে রাজউক চেয়ারম্যানসহ ৫২ কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়েছেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি চলছে।রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা শুনানিতে অংশ নিয়ে রাজউকে জনবল সংকটের কথা তুলে ধরেন।নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দুটি ঘটনায় নির্মাণ তদারকি ও নিরাপত্তা বিষয়ে ব্যাখ্যা জানাতে হাইকোর্টে এসেছি। আমি ছাড়া পরিচালক ডেভেলপার, রাজউকের একজন সদস্য, পাঁচজন অথরাইজড কর্মকর্তা, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪০ জন পরিদর্শক আদালতে এসেছেন।’এর আগে ১ আগস্ট রাজউকের চেয়ারম্যানসহ সব অথরাইজড কর্মকর্তা, পরিদর্শক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তলব করেন হাইকোর্ট। রাজধানীতে নির্মাণ তদারকির কার্যক্রম ও নেওয়া পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা জানাতে আজ তাঁদের হাজির হতে বলা হয়। গত ১৬ জুলাই পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) নামের এক তরুণ নিহত হন। অন্যদিকে ২১ জুলাই কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারের লিফট ছিঁড়ে চারজন শ্রমিক নিহত হন।