রাজউকের কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড কর্মকর্তা ও পরিদর্শকসহ সব কর্মকর্তার সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে রাজউক চেয়ারম্যানের কাছে এই সম্পদের হিসাব দিতে বলা হয়।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে রাজউকের অভিযোগ বাক্সে আসা সব অভিযোগ তদন্তের ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় ওই এলাকার অথরাইজড কর্মকর্তার অবহেলা ও দুর্নীতি আছে কি না তা ও তদন্তের নির্দেশ দেওয়া হয়।এদিকে হাইকোর্টের একই বেঞ্চ কাকরাইলে লিফট ছিঁড়ে পড়ে নিহত চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট নির্মাণপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, রাজধানীর কাকরাইল এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে পড়ে চার শ্রমিক নিহতের ঘটনায় গত ২৪ জুলাই হাইকোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এ ছাড়া পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী যুবক নিহত হওয়ার ঘটনায় হাইকোর্ট ১৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। ওই দুটি ঘটনাকে কেন্দ্র করে আদালতের নির্দেশনা অনুসারে গতকাল হাইকোর্টে হাজির হন রাজউক চেয়ারম্যান নুরুল হুদা, এক সদস্য, এক পরিচালক, পাঁচ দায়িত্বপ্রাপ্ত (অথরাইজড) কর্মকর্তা, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪০ জন পরিদর্শক (ইন্সপেক্টর)। হাজির হন বিল্ডিং ফর ফিউচারের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক। এ ছাড়া সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিদ মোল্লা, সাগুফতা গ্রুপের সহকারী ঠিকাদার ওসমান গনি ও সাজ্জাদ হোসেন, পল্লবী ও শেরেবাংলা নগর থানার ওসি এবং পল্লবী থানার দুই পুলিশ কর্মকর্তা হাজির হন। এর মধ্যে লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনায় আদালত আদেশ দেন। তবে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।হাইকোর্টের রাজউকের কর্মকর্তারা: রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা ১২টার দিকে শুনানি শুরু হয়। শুনানিকালে আদালত রাজউক চেয়ারম্যানকে উদ্দেশে বলেন, ইট পড়ে একটি মূলবান জীবনের যবনিকাপাত হয়েছে। লিফট ছিঁড়ে কয়েকজন মারা গেছেন। দুটি ঘটনা আইনজীবীদের কাছ থেকে শুনেছি। এভাবে মানুষ প্রাণ হারাবে, অপমৃত্যু হবে তা মেনে নেওয়া যায় না। রাজউক চেয়ারম্যান বলেন, ‘জনবল সংকট রয়েছে। এমন অবস্থা আমাকে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা হচ্ছে। ৮০০ জনবল নিয়ে ঢাকাকে রক্ষা করার চেষ্টা করছি। নজরদারি করার দল আছে। হাইকোর্ট আদেশ দেওয়ার পর আমাদের হাত শক্তিশালী হয়েছে। ইতিমধ্যে দেড় হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে।’রাজউক চেয়ারম্যান বলেন, ‘যে ভবন দুটির ক্রটির কথা বলা হচ্ছে, এ দুটি ভবনকে আমরা এর আগে নোটিশ দিয়েছি। তবে ভবন নির্মাণ তদারকির জন্য আইনে জাতীয় তদারকি কমিটির কথা বলা থাকলেও বাস্তবে তা হয়নি।’এ পর্যায়ে আদালত ধানমন্ডি এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমানের কাছে পান্থপথে অবস্থিত ওই ভবনের ওপর থেকে ইট পড়ে যুবক নিহত হওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে চান। জবাবে আমিনুর রহমান বলেন, ‘ওই ভবনে নিরাপত্তামূলক-ব্যবস্থা গ্রহণ না করা সম্পর্কে আমরা ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি তাদেরকে একটি নোটিশ দিয়েছি।’ওই নোটিশটি দেখার পর আদালত আমিনুর রহমানকে বলেন, ‘নোটিশে আপনি নিজেই বলেছেন, নিরাপত্তা জাল (সেফটি নেট) ব্যবহার না করেই কর্তৃপক্ষ ভবন নির্মাণ অব্যাহত রেখেছে। তাই যেকোনো সময়ে নির্মাণাধীন ভবন ও এর চারপাশে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ সত্ত্বেও যখন তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নেননি তখন আপনি কী ব্যবস্থা নিয়েছিলেন?’এক পর্যায়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘লোকবল সংকটের কারণে সব এলাকায় ফলোআপ করা অনেক সময় সম্ভব হয় না।’ আদালত বলেন, ‘আপনি একজন সৎ মানুষ বলেই আমরা জানি। আপনার তো আর কেস টু কেস পর্যবেক্ষণ করা সম্ভব না।’এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অধিকাংশ ডেভেলপারই ভূমিদস্যু। এ বিষয়ে আদালতের একটা গাইডলাইন প্রয়োজন। কেউ এই দস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এর প্রতিকার ওই গাইড লাইনে বলে দেওয়া থাকবে। এরপর আদালত সম্পদের হিসাব দাখিল করাসহ তিন দফা নির্দেশনা দেন।সাগুফতা গ্রুপের পক্ষে আইনজীবী আনিসুল হক বলেন, ওই ঘটনায় সাগুফতার ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিদ মোল্লা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। এ সময় আদালত গ্রেপ্তারের নির্দেশ থেকে জামিন নেওয়ার আগের সময়ে সাগুফতার ওই দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার না করায় পুলিশকে তিরস্কার করেন। পরে আদালত আগামী রোববার পরবর্তী শুনানি দিন ধার্য করেন। চার শ্রমিককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ: কাকরাইলে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে নিহত চার শ্রমিকের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বিল্ডিং ফর ফিউচার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে এই অর্থ আগামী ১৪ দিনের মধ্যে দিয়ে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। আদেশকালে আদালত বলেন, এই অর্থ দেওয়ার মাধ্যমে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা মামলা থেকে অব্যাহতি পাবেন না। ওই ঘটনায় করা মামলা চলবে। ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দিতে হবে। বিল্ডিং ফর ফিউচার ব্যবস্থাপনা পরিচালকের কৌঁসুলি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, ইতিমধ্যে ওই শ্রমিকদের প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ সময় আদালত বলেন, কিছু দিয়ে থাকলে বাকিটা পরিশোধ করতে হবে।