নির্মাণাধীন ভবনের নিরাপত্তা তদারকির বিষয়ে ব্যাখ্যা জানাতে রাজউকের চেয়ারম্যানকে আগামী মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে যুবক নিহত হওয়ার ঘটনায় শুনানিকালে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।ওই দিন সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লাকেও হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে পল্লবী ও শেরেবাংলা নগর থানার ওসি, পল্লবী থানার দুই পুলিশ কর্মকর্তা আনসার আলী ও অজিত রায় এবং সাগুফতা গ্রুপের সহকারী ঠিকাদার ওসমান গনি ও সাজ্জাদ হোসেনকে একই দিন হাজির হতে বলা হয়েছে।গতকাল সকালে খালেদ জুয়েল মোল্লা ও ওয়ালিক মোল্লার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তাঁরা হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে তাঁদের পক্ষে আইনজীবী আনিসুল হক হাজিরের জন্য সময় বৃদ্ধির আবেদন জানান। আদালত মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন। তবে আদালতের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার ওসমান গনি এবং পল্লবী ও শেরেবাংলা নগর থানার দুই ওসি হাজির হন। আদালতে সাগুফতার দুই কর্মকর্তার পক্ষে আনিসুল হক ও ওসমান গনির পক্ষে আবদুল মতিন খসরু শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এ ব্যাপারে আনিসুল হক প্রথম আলোকে বলেন, অসুস্থতার কারণে ওই দুই কর্মকর্তার ব্যক্তিগত হাজিরের জন্য সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। আদালত মঙ্গলবার দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, নয়জনকে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে গ্রেপ্তারের আদেশ বহাল রয়েছে।জানা গেছে, হাবিবুর রহমান মুন্না (২১) ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। এরপর মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি রাস্তায়ই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাসপাতালটির বাঁ পাশে সাগুফতা গ্রুপের ১৮ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে ১৭ জুলাই ইংরেজি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালতের নজরে এলে হাইকোর্ট ১৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।