রাজউকের চেয়ারম্যানকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন ভবনের তদারকি বিষয়ে ব্যাখ্যা জানাতে রাজউকের চেয়ারম্যানকে আগামী মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে যুবক নিহত হওয়ার ঘটনায় শুনানিকালে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।এর আগে সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লাকেও আগামী মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।একই সঙ্গে পল্লবী ও শেরেবাংলা নগর থানার ওসি, পল্লবী থানার এসআই আনসার আলী ও অজিত রায় এবং সাগুফতা গ্রুপের সহকারী ঠিকাদার ওসমান গনি ও সাজ্জাদ হোসেনকে ওই দিন হাজির হতে বলা হয়েছে।আজ খালেদ জুয়েল মোল্লা ও ওয়ালিক মোল্লার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তাঁরা হাজির হতে পারেননি। তাই হাজিরের জন্য সময় বৃদ্ধির আবেদন জানানো হলে আদালত হাজিরের নতুন দিন ধার্য করেন।আদালত থেকে বেরিয়ে তাঁদের কৌঁসুলি প্রথম আলোকে জানান, অসুস্থতার কারণে ওই দুই কর্মকর্তা আজ হাজির হতে পারেননি। তাই হাজিরের জন্য সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। আদালত মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন।তবে আদালতের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার ওসমান গনি এবং পল্লবী ও শেরেবাংলা নগর থানার দুই ওসি হাজির হয়েছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, দুই থানার ওসিসহ তিনজন হাজির হয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে হাজির হওয়ার জন্য মঙ্গলবার সময় দেওয়া হয়েছে, তবে তাঁদের গ্রেপ্তারের আদেশ বহাল রয়েছে।রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাগুফতা গ্রুপের দুজন কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।জানা গেছে, হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। এরপর মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি রাস্তায়ই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাসপাতালটির বাঁ পাশে সাগুফতা গ্রুপের ১৮তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে ১৭ জুলাই ইংরেজি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে এলে হাইকোর্ট ১৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।