রাজউকের পরিকল্পনা দ্রুত অনুমোদন দরকার
অপরিকল্পিত দালানকোঠা, স্থাপত্য, রাস্তাঘাট, বসতি, লোকসংখ্যা, বাণিজ্যিক এলাকা—নানাবিধ সমস্যায় নাকাল নগরবাসী। দেয়ালে যেন পিঠ ঠেকে গেছে। কলম্বো পরিকল্পনা এবং ৩২০ বর্গমাইলের ছোট এলাকা নিয়ে গঠিত হয় এ শহর। সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যা। কিন্তু সেভাবে গড়ে ওঠেনি এর অবকাঠামো। আশির দশকে শুরু হয় ঢাকাকে আধুনিকায়নের কাজ। ১৯৯২ সালে জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনার (ইউএনডিপি) সহযোগিতায় হাতে নেওয়া হয় একটি মহা পরিকল্পনা। প্রায় ১৬ কোটি টাকার এ প্রকল্পের তিন-চতুর্থাংশ অর্থায়ন ছিল ইউএনডিপির। আর এক-চতুর্থাংশ বিনিয়োগ করে বাংলাদেশ সরকার। ২০০৪ সালে ঢাকা নগরের জন্য ডিটেইলড এরিয়া প্লান (ডিএপি) তৈরির কাজ শুরু হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. জহুরুল হক বলেন, বর্তমানে পরিকল্পনাটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বিবেচনাধীন রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগির পরিকল্পনার প্রস্তাবটি অনুমোদন পেয়ে যাবে। রাজউকের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিকল্পনা প্রণয়নের সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করে, জনসংখ্যার প্রয়োজনে ৫৯০ বর্গমাইলের রাজউকের এলাকাকে প্রয়োজনের নিরিখে মেট্রো-ঢাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা দলিল প্রস্তুত করা হয়েছে। ভূমি ব্যবহারের প্রকৃতি অনুযায়ী ঢাকা নগরের জন্য ১৭ প্রকারের ভূমি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। কর্মকর্তারা বলেন, ব্যবহারের প্রকৃতি অনুযায়ী, বিভাজনের এ পদ্ধতিকে পরিকল্পনা-পরিভাষায় ল্যান্ড ইউজ জোনিং বলে অভিহিত করা হয় এবং উন্নয়ন নিয়ন্ত্রণ এ জোনিংয়ের ভিত্তিতে করা হয়ে থাকে।ডিটেইল এরিয়া প্লান: রাজউকের ডিটেইল এরিয়া প্লানে দেখা যায়, সেখানে এর জনসংখ্যা বৃদ্ধির হার ধরা হয়েছে চার দশমিক ২৯। তবে প্রকৃতপক্ষে তা প্রায় ছয়ের কাছাকাছি। সেই মতে, রাজউক এলাকার বর্তমান জনসংখ্যা ধরা হচ্ছে এক কোটির ওপরে, যা কিনা ২০১৫ সালের জন্য প্রায় এক কোটি ৮০ লাখের ওপরে। মোট জমি ধরা হয়েছে তিন লাখ ১৯ হাজার ৭২৩ একর। জোনগুলো হচ্ছে—আবাসিক জোন, বাণিজ্যিক জোন (বিজনেস ও কমার্শিয়াল), সাধারণ শিল্প জোন, ভারী শিল্প জোন, মিশ্র ভূমি ব্যবহার জোন (বাণিজ্যিক-সাধারণ শিল্প), মিশ্র ভূমি ব্যবহার জোন (আবাসিক-বাণিজ্যিক-সাধারণ শিল্প), মিশ্র ভূমি ব্যবহার জোন (আবাসিক-সাধারণ শিল্প), প্রাতিষ্ঠানিক জোন, কৃষি জোন, বন্যাপ্রবাহ জোন, উন্মক্ত এলাকা, গ্রামীণ বসতি, জলাধার ও জলাশয়। দেখা যায়, শহুরে আবাসিক জোনের জন্য ৬৪ হাজার ৮০৭ দশমিক ৯৬ একর জমি প্রস্তাব করা হয়েছে, যা মোট ভূমির ১৯ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া আরও তিনটি এলাকা মিশ্রভাবে আবাসিক থাকবে। মোট যে জনসংখ্যা ধরা হয়েছে, সেই হিসাবে বর্গমাইলপ্রতি জনসংখ্যা হবে ৩০ হাজার ৫০৮ জন। একরপ্রতি হবে ৩০০ জনের কাছাকাছি। অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে-ওঠা এ নগরকে রাজউকের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কত দিনের মধ্যে গড়ে তোলা সম্ভব বা আদৌ সম্ভব কি না। তবে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যত দ্রুত সম্ভব প্রস্তাবটি পাস হওয়া দরকার এবং সেই মোতাবেক নগরকে তৈরির কাজ করতে হবে।