রাজউকের প্রতি ১৪ দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের সব স্যাটেলাইট সিটি, ফ্ল্যাট, প্লট ও হাউজিং প্রকল্প বন্ধের সুপারিশসহ ১৪টি সুপারিশ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পবা ও এ বিভাগটি যৌথভাবে ‘রাজধানীর পরিকল্পিত উন্নয়নে রাজউকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব সুপারিশ তুলে ধরে।অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে রাজউকের পরিকল্পনা প্রণয়ন মনিটরিং সমন্বয় ও আইন প্রয়োগের বিষয়ে দৃষ্টি দেওয়া, স্যাটেলাইট সিটির পরিবর্তে আশপাশের জেলাগুলোর সঙ্গে রেল ও নৌ যোগাযোগের পরিকল্পনা গ্রহণ করা, বেসরকারি আবাসিক প্রকল্পে বেআইনি ও অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, রাজউকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চিহ্নিত ও শাস্তির ব্যবস্থা করা, আগামী ১০০ বছরের কথা বিবেচনা করে ঢাকা শহরের জন্য পরিকল্পনা গ্রহণ করা ইত্যাদি।আলোচনা অনুষ্ঠানে সুপারিশগুলো তুলে ধরেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। আর সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট কামাল লোহানী। কামাল লোহানী বলেন, রাজউকের উন্নয়নের জন্য নিজস্ব লোকবল বাড়াতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। বর্তমানে রাজউক যে কাজ করছে একই কাজ গণপূর্ত ও সিটি করপোরেশন করছে। এভাবে উন্নয়ন হবে না। দুর্ভাগ্য যে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা বারবার পরিবর্তন হয়। কখনো রাষ্ট্রপতি কখনো সেনাপতি, কখনো প্রধানমন্ত্রী এসব পরিবর্তন করেন। এখন যেমন ডিসিসি ভাগ হচ্ছে।অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘এরশাদ সাহেবের ইচ্ছেমতো কাজ হয়নি বলেই ডিআইটি ভেঙে নন টেকনিক্যাল আমলা দিয়ে রাজউক সৃষ্টি করা হয়েছে। সেদিন থেকে এ প্রতিষ্ঠানের জবাবদিহিতা নষ্ট হয়ে গেছে। রাজউকের মতো প্রতিষ্ঠান পৃথিবীর কোনো সভ্য দেশে নেই।’ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইসরাত ইসলাম বলেন, রাজধানীর বাসিন্দারা অনুন্নয়ন খাতে ব্যয় করছেন। বিনিয়োগ করছেন বাড়ি তৈরিতে। রাজউকও জমি ভরাট করে আবাসন তৈরি করছে। এটা শুভ লক্ষণ নয়। এভাবে ঢাকা নগর পুরোপুরি বাসের অনুপযোগী হয়ে পড়বে।