রাজউকের সঙ্গে অবৈধ প্রকল্পের সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাব মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার রাজউকের কোনো নজরদারি ছিল না। রাজউকের নির্ধারিত স্টল ছিল ফাঁকা। মেলায় অননুমোদিত প্রকল্প চিহ্নিত করার কাজটি তারা করেনি।যোগাযোগ করা হলে রাজউকের বোর্ড সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মেলা থেকে আপাতত রাজউক প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, রাজউক ৩০টিরও বেশি অবৈধ প্রকল্পের তালিকা দেওয়ার পরও রিহ্যাব কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় মেলাস্থলে রাজউকের প্রতিনিধি থাকলে এটাই প্রতিষ্ঠিত হবে যে অবৈধ প্রকল্পগুলোর ব্যবসার বিষয়ে রাজউকের সম্মতি আছে। তবে আজ শনিবার রাজউকের প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, শুক্রবার মেলায় অনেক ভিড় ছিল। বিক্রিও ভালো হয়েছে। রাজউকের অবৈধ তালিকাভুক্ত প্রকল্পগুলোও চুপ করে ছিল না। কিন্তু রাজউকের কোনো নজরদারি ছিল না। এর অর্থ এটাই দাঁড়ায় যে রাজউক অবৈধ প্রকল্পগুলোর কোম্পানির সঙ্গে গোপনে কোনো সমঝোতা করে নিয়েছে।সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, রাজউক যেসব প্রকল্পকে অবৈধ বলে চিহ্নিত করে তালিকা দিয়েছে, তাদের বিষয়ে রাজউকই ব্যবস্থা নিক। আমরা সহযোগিতা করব। প্রকল্পের নির্ধারিত কোম্পানিগুলো আমাদের সঙ্গে লড়াই করতে এলে আমরা ব্যবস্থা নেব। আগেই জানানো হয়েছে, এদের আগামী দুই বছরের জন্য মেলায় অংশগ্রহণই বাতিল করা হবে। আমি বলেছি, রাজউক পুলিশ-ম্যাজিস্ট্রেট নিয়ে আসুক, অবৈধ প্রকল্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমরা বাধা দেব না।’এ বিষয়ে রাজউকের বোর্ড সদস্য বলেন, রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইনে রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা আছে। তার ভিত্তিতে রাজউক অবৈধ প্রকল্পের স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু গত ৫ ডিসেম্বর এর বিরুদ্ধে রিহ্যাব রিট আবেদন করলে হাইকোর্ট এ ব্যাপারে স্থগিতাদেশ দেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এ প্রসঙ্গে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের কারণে রাজউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে না, এটা সত্য। কিন্তু গত ৭ নভেম্বর হাইকোর্ট অননুমোদিত আবাসন প্রকল্পের কার্যক্রম ও বিজ্ঞাপন প্রচার বন্ধের যে নির্দেশ দিয়েছেন, তার ভিত্তিতে একটি প্রজ্ঞাপন জারি করে অবৈধ প্রকল্পগুলোকে মেলা থেকে দূরে রাখতে পারত। রাজউক তা করেনি। রাজউক মেলা শুরুর আগেই রিহ্যাবের কাছে তাদের স্টলগুলোর প্রকল্প তালিকা চেয়ে তার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারত।অনুমোদনহীন প্রকল্পের স্টল: রাজউক যেসব অনুমোদনহীন প্রকল্পের তালিকা করেছে, গতকাল মেলাস্থলে সেগুলো বিনা বাধায় ব্যবসা করেছে। কয়েকটি স্টলে নিয়োজিত কর্মীদের জিজ্ঞেস করলে তাঁরা তালিকার বিষয়ে কিছু জানেন না বলে জানান। একাধিক কোম্পানি থেকে বলা হয়, অবৈধ বললেই হবে না, প্রমাণ করতে হবে।বিতর্কিত প্রকল্পের প্লট বিক্রি: রিহ্যাব সভাপতি ও ঢাকা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নসরুল হামিদের আবাসন প্রকল্প প্রিয়প্রাঙ্গণের স্টল রয়েছে মেলায়। সেখানে তাঁর মালিকানাধীন আলিফিয়া প্রপার্টিজ লিমিডেটের আলিফিয়া মডেল টাউনের লে-আউট নকশা ও প্রমাণপত্র প্রদর্শন করা হচ্ছে। বুকিং ও বিক্রিও চলছে।স্টল থেকে প্রথম আলোর এই প্রতিনিধিকে জানানো হয়, আলিফিয়া মডেল টাউনের প্লটেরই শুধু বিক্রি ও বুকিং চলছে। প্রিয়প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের প্লট বিক্রি হচ্ছে না। পরে দেখা গেল, প্রকল্পের অবস্থান ও লে-আউট নকশা দেখাতে গিয়ে স্টলের কর্মীরা ক্রেতাদের প্রিয়প্রাঙ্গণের প্লট বিক্রির বিষয়েও আকৃষ্ট করার চেষ্টা করছেন।গত রাতে নসরুল হামিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি রেগে যান। বলেন, ‘আমি বলছি এটা ভুল, কোনো প্লট বিক্রি করা হচ্ছে না। অনেক আগেই এই প্রকল্পের প্লট বিক্রি শেষ হয়ে গেছে।’ প্রিয়প্রাঙ্গণ প্রকল্পের জন্য রাজউকের অনুমোদন নেওয়া হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজউকের অনুমোদনের দরকার নেই। আমি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অনুমোদন নিয়ে নিয়েছি। সেটাই যথেষ্ট।’কেরানীগঞ্জ তো রাজউকের এলাকা। রাজউক তাদের প্রচারপত্রে বলেছে, রাজউক এলাকায় উপজেলা পরিষদের অনুমোদন যথেষ্ট নয়। এ কথায় তিনি বলেন, ‘সেটা আমার প্রয়োজন নেই।’রিহ্যাব সভাপতি আরও বলেন, রাজউক প্রণীত ড্যাপে কেরানীগঞ্জের ৭৫ ভাগ অংশকে বন্যাপ্রবণ এলাকা বলা হয়েছে, যা আদৌ সত্য নয়।৩০ বিঘার সুযোগে: রাজউকের রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইনে বলা আছে, ১০ একর বা ৩০ বিঘার কম আয়তনের জমির প্রকল্পের জন্য রাজউকের অনুমোদনের প্রয়োজন নেই। রাজউক সূত্র জানায়, প্রকল্পের অনুমোদন না হলেও ভূমি ব্যবহার ছাড়পত্র রাজউক থেকেই নিতে হবে এবং সেখানে যেসব ভবন তৈরি হবে, সেগুলো রাজউকের অনুমোদিত নকশায় হতে হবে।মেলায় দেখা গেল, কিছু স্টল থেকে ক্রেতাদের বলা হচ্ছে, তাদের প্রকল্প ছোট বলে রাজউকের অনুমোদন নিতে হয়নি। তবে রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, প্রকল্প এলাকার আয়তন ৩০ বিঘা কি না, তার প্রমাণপত্র রাজউকে দাখিল করতে হয়। তার ভিত্তিতে রাজউক সরেজমিনে পরীক্ষা করতে পারে।আলিফিয়া মডেল টাউনের বিষয়ে স্টল থেকে বলা হয়, এর আয়তন ৩০ বিঘার নিচে। রিহ্যাব সভাপতি নসরুল হামিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলেই তাঁর এই প্রকল্পটি ৩০ বিঘার নিচে। তার প্রমাণপত্র রাজউকে দেওয়া আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজন নেই।