কী যেন হয়েছে আমাদের সবার। খবরের কাগজ খুলে বসলেই ভড়কে যাই, দেখি বিয়ে দিতে রাজি না হওয়ায় মা-বাবা খুন। পরদিন দেখি মেয়েসহ আরেক মা-বাবা আহত হয়ে হাসপাতালে। এরপর ৩ এপ্রিল বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে নিজের জীবনের পাটই চুকিয়ে দিল যে উম্মে কুলসুম ইলোরা, তার বয়স হয়েছিল মাত্র ১৪। দিন পেরোতে না পেরোতেই পত্রিকায় খবর বেরোল, ১৫ বছরের মরিয়ম আক্তার পিংকিকে পুড়িয়ে মারা হলো মাথায় কেরোসিন ঢেলে।অদ্ভুত!নিজের মেয়ে নিয়ে যেন মহাবিপদেই পড়েছেন বাবা-মায়েরা। আগে তো বাইরে পাঠালে বিপদ। এখন ঘরে ধরে রেখেও শান্তি নেই। নতুন বাবা হয়েছি আমি। আমার রাজকন্যার বয়স ১৫ মাস। তাকে নিয়ে ভেসে বেড়াচ্ছি সুখের সাগরে। জেগে থাকলে তার ‘বাবা বাবা’ বলে অকারণ ডাকাডাকি আর ঘুমের ঘোরে বিছানায় চরকার মতো ঘুরতে থাকা রাজকন্যার ছোট ছোট হাত-পা যখন পেটে, বুকে বা মুখে লেগে থাকে, সেই অখণ্ড আনন্দই আমার জন্য হয়েউঠছে বিপদ। কারণ আমার মেয়েও তো বড় হচ্ছে। এখনকার এ ছোট ছোট আনন্দ কদিন পরই শেষ হয়ে যাবে, এটা ভেবে নিজের প্রতি করুণাও জন্মাচ্ছে বিস্তর। তবু সেদিন এক রাতে আনন্দ-অশ্রু নিয়েই লিখতে বসলাম মেয়ের কাছে এ চিঠিখানা।প্রিয় রাজকন্যা,ঘড়ির কাঁটায় রাত ১২টা ১৫। ঘর অন্ধকার। তোমার পাশে শুয়ে ছিলাম। হঠাৎ দেখি বিদ্যুৎ চলে এসেছে। দুহাত দিয়ে তোমার ছোট্ট পা দুটো ধরতে ধরতে ভাবছিলাম, মেয়েদের নিয়ে আজকাল এত কথা কেন! পত্রিকা খুললেই নির্যাতন, বখাটের উৎপাত, এসিড-সন্ত্রাস। অতঃপর আত্মহত্যা থেকে শুরু করে কত বড় সর্বনাশের খবর।এসব খবর আগেও ছাপা হতো। প্রথম প্রথম খারাপ লাগত। তারপর মনে হতো, সেই একই গৎবাঁধা গল্প। কিন্তু আজকাল এসব পড়তে গিয়ে বেশ মন খারাপ হয়। তোমার কথা মনে হয়। ছেলেরা কি ইদানীং বিবেক-বিবেচনা সব বিসর্জন দিয়েছে?তুমি আমার ১৫ মাসের রাজকন্যা। এই যে কেবলও আধো অন্ধকারে তোমার মুখখানির দিকে তাকিয়ে থেকে থেকে আমি একা একাই পাগলপ্রায় সুখে ভাসছিলাম। সত্যি। কেউ ছিল না হাসাবার। তবুও মিটিমিটি হাসছিলাম তোমার হাসি হাসি মুখ দেখে। কখনো বা আমি তোমার চোয়ালে নাক দিয়ে একটু ছোঁয়াই ঘুমের ঘোরে তোমার বিরক্ত হওয়াটা দেখেও। যারা পথে পথে মেয়েদের উত্ত্যক্ত করে, রাতে এসে জানালা দিয়ে এসিড মেরে চলে যায়, তারা কি জানে, কী গভীর মমতা আর আনন্দ নিয়ে একজন বাবা তাকে বড় করে তুলেছে এবং সে বাবাও তো একজন পুরুষ। কী লজ্জার কথা, যে ছেলে একটা মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে কটু কথা বলে, তার কথা না শুনলে বিশ্রী ভাষায় গালিগালাজ করে অথবা মুখ ঝলসে দেয় এসিডে, সেও একদিন বাবা হয়। তারও মেয়ে হয় এবং সে ওই মেয়ের ঘুমের ঘোরের হাসি দেখে পুরো শরীরে কাঁপন ধরে আসার মতো আনন্দে মাতোয়ারা হয়। বাবা বাবা বলে যেদিন মেয়েটি তার বাবাকে ডাকতে শুরু করে, সেদিন ওই পুরুষটির (বাবার) চোখ ভিজে যায় আনন্দে। এমন এক দেশে তোমাকে এনেছি যে মেয়ের বাবা হয়ে কয় দিক সামলাব, তা-ই ভাবতে বসতে হয় মেয়ের জন্মের পরপরই। রাজকন্যা, তোমার সঙ্গে ইলোরার বয়সের ব্যবধান সাড়ে ১২ বছর মাত্র, পিংকির সঙ্গে পার্থক্য ১৩ বছর। এ সময়ের মধ্যে যদি আমাদের দেশের পুরুষদের মন-মানসিকতা ঠিক না হয়, তবে একজন বাবা হিসেবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনিশ্চিত এক ভবিষ্যতের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। ...বাবা