রাজকন্যার সফরসঙ্গী থাই কাউন্সিলর পান্নি সড়ক দুর্ঘটনায় নিহত
ঢাকায় নিযুক্ত থাই দূতাবাসের কাউন্সিলর লিকানাজুল পান্নি গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্নের সফরসঙ্গী হয়ে গাইবান্ধা থেকে ঢাকায় ফেরার পথে টাঙ্গাইলের মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে।থাই দূতাবাসের একটি সূত্র গত রাতে প্রথম আলোকে জানায়, লিকানাজুল পান্নিকে থাইল্যান্ডে সমাহিত করা হবে। আজ শুক্রবার থাই এয়ারওয়েজের একটি বিমানে করে তাঁর মরদেহ ব্যাংককে নেওয়া হবে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সকাল সাতটার দিকে থাই রাজকন্যার গাড়িবহর গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়ায় পৌঁছালে পান্নিকে বহনকারী মাইক্রোবাসটিকে রডবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।খবর পেয়ে মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রেহেনা ঘটনাস্থলে যান। তাঁর তদারকিতে পান্নিকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান এবং ৯৮ সংমিশ্রণ ব্রিগেডের মেজর কিবরিয়া তাঁকে দেখতে হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে বিকেল সোয়া চারটার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।সিএমএইচ সূত্র জানায়, চিকিত্সাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে থাই কাউন্সিলর মিস পান্নির মৃত্যু হয়।গত মঙ্গলবার থাই রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্নের সঙ্গে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের চরে যান মিস পান্নি। সেখানে দুই দিন অবস্থান শেষে গতকাল ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।বার্তা সংস্থা বাসস জানায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি থাই কাউন্সিলর পান্নির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি পান্নির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।