আমি নারীমঞ্চের একজন নিয়মিত পাঠক, কারণ এই পাতাটা আমাদেরই কথা বলে। মেয়েদের দুঃখ, কষ্ট, বেদনা, প্রতিবাদ—সবাই জানতে পারি এই পাতায়।বোরহানুল হক তাঁর কন্যাকে নিয়ে ‘রাজকন্যার কাছে আরও একটা চিঠি’ শিরোনামে একটি লেখা লিখেছিলেন নারীমঞ্চে। চিঠিটি পড়ে আমার নিজেরও কিছু না বলা কথা লিখতে ইচ্ছে করল। আমারও একটি রাজকন্যা আছে। বয়স পাঁচ বছর। সে একটু একটু করে বড় হচ্ছে, আর আমার ভয়ও একটু একটু করে বাড়ছে। সে ছোট ছোট পায়ে ঘরময় খেলছে, হাঁটছে, যা মন চাচ্ছে তা-ই করছে নিশ্চিন্তে। আমি শুধু তাকিয়ে দেখি আমার রাজকন্যার আনন্দ। আমার প্রথম দুই সন্তান ছেলে। আমার ওই দুই সন্তান গর্ভে থাকাকালীন আমি কখনোই চাইনি আমার মেয়ে হোক। কারণ এ সমাজ মেয়েদের কোনো নিরাপত্তাই দিতে পারে না। আমার সন্তান সদা আতঙ্কিত থাকুক, আমি নিজে মেয়ে হয়ে তা চাইনি। প্রায় দশ বছর পর আমার কন্যাটি এল পৃথিবীতে আমাকে অত্যধিক আনন্দিত করে। এবার আমি মনে প্রাণে চেয়েছিলাম একটি কন্যাসন্তান। আমার আশা পূরণ হলো। কিন্তু তারপর? আমি আজও চল্লিশের দাঁড়প্রান্তে দাঁড়িয়ে সেই সব উত্ত্যক্তকারীদের উৎপাতের কথা মনে হলে কষ্ট পাই, আজও তখনকার মতোই দগদগে ঘায়ের মতোই জ্বলে মন, চলেছি মাথা নিচু করে, প্রতিবাদ করতে ইচ্ছে করলেও ভয়ে পারিনি, সেই আমার কন্যাটি কতটুকুন এগোবে? মানুষ অনেক আধুনিক হয়েছে, আমার কন্যাটি হয়তো আমাদের চেয়ে অনেক বেশি নিরাপদে পথ চলতে পারবে। কিন্তু বর্তমানে আমার রাজকন্যা তো ঘরেই নিরাপদ নয়! আমি একদিকে চাইছি আমার মেয়েটা স্বাধীনভাবে বড় হোক, প্রতিবাদ করতে শিখুক। অন্যদিকে আমার ভেতরের আতঙ্কিত মা ভয়ে কুঁকড়ে তাঁর গন্ডি ছোট করে দিচ্ছে। আমার ভেতরের দ্বৈতসত্তা নিয়ে আজ আমি নিজেই শঙ্কিকত, কীভাবে বড় করব আমার রাজকন্যাটিকে?আজ এতটা সময় পেরিয়ে এসেও আমাদের ছোট ছোট মেয়েরা উত্ত্যক্তকারীদের উৎপাতে লজ্জায় ঘৃণায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কত আদরের সন্তান, কত মায়ার সন্তান ওরা আমাদের। আমাদের দেশের পুরুষদের একটি অংশ যেন বিকারগ্রস্ত। শিক্ষিত, অশিক্ষিত কোনো ভেদাভেদ নেই, সব যেন এক কাতারের। তাই বোরহানুল হক, আপনি আপনার কন্যার কাছে ক্ষমা চেয়েছেন। পরাজয় মেয়ে নিয়েছেন। কিন্তু আমি চাইব না। কারণ আমার নিজেরও দুটো ছেলে আছে। তাদের সঙ্গে আমার কষ্টের অনুভূতিগুলো ভাগাভাগি করার সময় এসেছে। যদি এতে তাদের বিপরীত লিঙ্গের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধাবোধ কাজ করে।তাই বলছি, রাজকন্যার মৃত্যু দিয়ে প্রতিবাদ নয় আর। রুখে দাঁড়াও। লজ্জায়, ঘৃণায় নিজেকে সরিয়ে দিওনা। এ লজ্জা তোমার নয়, এ লজ্জা পুরুষের। পুরুষকেই তার মানসিকতার পরিবর্তন করতে হবে। কবে হবে পরিবর্তন? এই পুরুষরাই তো আমাদের ভাই, স্বামী, পুত্র, বন্ধু। আফরোজা পারভীনমিরপুর, ঢাকা