রাজকীয় রূপের মথুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন পাখি মথুরার অনেক বাস্তব গল্প শুনিয়েছিলেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা। তাঁর ছেলেবেলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড় এলাকায় অনেক মথুরা পাখি নাকি চরে বেড়াত। দেশের পাহাড়ি বন এখন ধ্বংসের শেষ প্রান্তে। সঙ্গে যোগ হয়েছে পাহাড়িদের শিকার। দুয়ে মিলে মথুরা অনেক আগেই বন থেকে বিপন্ন পাখির তালিকায় চলে এসেছে। সিলেট অঞ্চলের পাহাড়ে চা-বাগান সম্প্রসারণ আর প্রাকৃতিক বন উজাড় হওয়ার ফলে সেখানে চিরসবুজ বনের এ পাখির দেখা পাওয়া এখন নিতান্ত ভাগ্যের ব্যাপার। সম্প্রতি ঈদের ছুটিতে সেই পাথারিয়া এলাকার বন-জঙ্গলে আট দিন ঘুরেছি। ভাগ্য সহায় ছিল, দেখা হলো ১১টি মথুরা পাখির সঙ্গে। যাদের চারটি ছিল পুরুষ, সাতটি মেয়ে মথুরা। সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল গত ২২ নভেম্বর বিকেলটা। ছয়টি মথুরার একটি দল একেবারে যেন রাজকীয় আড্ডায় বসেছিল আমার ক্যামেরার সামনে। হঠাৎ বাদামি কাঠবিড়ালি এসে শব্দ করায় ওরা লুকিয়ে পড়ল পাহাড়ি বনতলে। পাখি পর্যবেক্ষকেরা সব সময় কোনো বিরল পাখির দর্শন পেলে আনন্দ পান। সেই হিসেবে ওই দিনটি আমার কাছে অনেক আনন্দের। পাখিগুলো এত বর্ণিল, এত সুন্দর—যার ভাষিক বর্ণনা মুশকিলপ্রায় কাজ। মথুরার বসবাস পাহাড়ের পাদদেশ থেকে প্রায় দুই হাজার ৬০০ মিটার উচ্চতায়। নির্জন ঝোপময় পাহাড়ি টিলা, চা-বাগানেও এদের কদাচিৎ দেখা যায়। চিরসবুজ বনতলে এরা জোড়ায় কিংবা দলে চরে বেড়ায়। খুব সকালে আলো ফোটার আগে এবং সন্ধ্যার শেষ সময়ে মথুরা খাবার খেতে টিলার কোনো পরিষ্কার নির্জন জায়গায় বের হয়। মানুষের উপস্থিতি বিন্দুমাত্র টের পেলে মুহূর্তের মধ্যে লুকিয়ে পড়ে। দুপুরের দিকে বনতলে বিশ্রাম নেয়। তাই পাখিটির দর্শন পাওয়া ও ছবি তোলা দুর্লভ ঘটনা। মথুরার বৈজ্ঞানিক নাম Lophura leucomelanos, পরিবার Phasianidae। বাংলা ভাষায়ও কটি নাম আছে—কালি মথুরা, কালি ময়ূর। চাকমাভাষীরা বলে সানগ্রু। খাসিয়া, মারমা ও ত্রিপুরা ভাষায় যথাক্রমে খ্রুট, রই রাতা ও টকরু মূলত মথুরা-ই। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, মৌলভীবাজার, আসাম সীমান্তসংলগ্ন পাহাড় ও লাউয়াছড়া অরণ্য, হবিগঞ্জের রেমা কালেঙ্গা ও সাতছড়ি বন এবং শেরপুরের গজনি বনে এদের দেখা যায়। তা ছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, তিব্বত ও মিয়ানমারেও আছে এদের উপস্থিতি। বনের বটফল, বীজ, পোকামাকড়, ছোট সাপ ও গিরগিটি আছে এদের খাবারের তালিকায়। পাতা ও ময়লা অবর্জনা দিয়ে বনের ঝোপে বাসা বাঁধে মার্চ থেকে অক্টোবরের মধ্যে। ছয় থেকে নয়টি ডিম দেয়। কদাচিৎ ছানাদের নিয়ে খোলা জায়গায় আসে—এমন তথ্য দিয়েছেন পাহাড়িরা। পুরুষ পাখি দেখতে নীলাভ কালচে। বুকের নিচে ও লেজের পালকের কাছে সাদা পালক আছে। মেয়ে পাখিটি দেখতে ভারি সুন্দর। হালকা বাদামি ও ধূসর পালকের সে কী অপূর্ব বিন্যাস। উভয় পাখির মাথায় লম্বা পালকের ঝুঁটি আছে, যা মথুরার সৌন্দর্যকে রাজকীয় রূপ দিয়েছে। চোখের চারপাশে লাল ত্বক আর লেজের পালক লম্বা। সুন্দর ও রাজকীয় স্বভাবের এ পাখিটিকে টিকিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। শিকার বন্ধের জন্য বন্য প্রাণী আইনের বাস্তব প্রয়োগও অতি জরুরি।