রাজকীয় সাত মেরিন সেনা গ্রেপ্তার
আফগানিস্তানে একটি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজকীয় সাতজন মেরিন সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। আজ শুক্রবার বিবিসি ও গার্ডিয়ান পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। ওই সাত সেনা সদস্যের একজন সহকর্মী প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁদের বিরুদ্ধে সেনা আইনের প্রচলিত ধারা ভঙ্গ করে এক জঙ্গিকে হত্যার অভিযোগ তোলেন। এর পরপরই তাঁদের রাজকীয় মিলিটারি পুলিশ গ্রেপ্তার করে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত বছর যখন ওই হত্যার ঘটনা ঘটে, তখন সেখানে থ্রি কমান্ডো ব্রিগেড দায়িত্ব পালন করছিল। গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত থ্রি কমান্ডো বাহিনীর অংশ হিসেবে যুক্তরাজ্যের রাজকীয় বাহিনীর নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার এড ডেভিস। তাঁরা নাহর-ই সারাজ ও নাদ আলী জেলার কাজ করছিলেন।গত বছর গ্রীষ্মকালীন দায়িত্ব পালনকালে থ্রি কমান্ডো ব্রিগেডের ২৩ জন সদস্য নিহত হন।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এক জঙ্গিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বেসামরিক কেউ জড়িত ছিল না।প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, এই গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে যে যুক্তরাজ্যের সামরিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।