রাজকুমার আসবেন নিয়ে যাবেন বধূকে
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। দুজনই ১০ বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন। তাঁদের বহু প্রতীক্ষার সেই মিলনমুহূর্ত আজ শুক্রবার। প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী, আর তাঁর সঙ্গে বিয়ে হলে মিডলটন হতে পারেন ব্রিটেনের রানি। কাজেই দিনটি আর শুধু দুজনের বা দুই পরিবারের একান্ত বিষয় থাকছে না। গত অক্টোবরে দুজনের বাগদান হওয়ার পর থেকে বিশ্বজুড়ে কত কোটি মানুষ যে দিনটির জন্য অপেক্ষা করে ছিল, সেই হিসাব তো নেই।১০ বছর ধরে প্রেম করার পর আজ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন উইলিয়াম-কেট। অধীর আগ্রহে সময় যেন আর কাটছে না উইলিয়ামের। হূৎপিণ্ডের চঞ্চলতা একটু শান্ত করতেই হয়তো গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি বন্ধুদের নিয়ে ফুটবল খেলেছেন দক্ষিণ লন্ডনের একটি মাঠে। মোটরসাইকেল চালিয়েছেন একটি পার্কে। অন্যদিকে কেটের বুকের ধুকপুকুনিও বেড়ে গেছে। দুরু দুরু বুকে গত রাতটা তিনি কাটিয়েছেন শ্বশুরবাড়ি অর্থাৎ বাকিংহাম প্যালেসের কাছেই। মা-বোনকে নিয়ে কুমারী জীবনের শেষ রাতটা তাঁর কাটে বিলাসবহুল হোটেল দ্য গোরিংয়ে।বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে লন্ডনের স্থানীয় সময় আজ সকাল সাড়ে আটটায়। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথমে বর-কনেকে রাজকীয় উপাধি দেবেন। এরপর পৌনে নয়টার দিকে নাতিকে নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ঢুকবেন রানি। সেখানেই হবে বিয়ে। প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও মা প্রিন্সেস ডায়ানার বিয়েও হয়েছিল এখানেই। সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছাবেন কনের মা ক্যারোল মিডলটন। বেলা ১১টার দিকে আগমন ঘটবে কনে কেট মিডলটনের, সঙ্গে থাকবেন তাঁর বাবা মাইকেল মিডলটন। এর পরই সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ বিয়ে, যার জন্য এত অপেক্ষা, এত প্রস্তুতি। উইলিয়াম-কেটের গাঁটছড়া বেঁধে দিতে কাজ শুরু করবেন যাজক।বিয়ের অনুষ্ঠানে বর-কনে কী পরবেন, কী সাজসজ্জা করবেন, তা নিয়ে চলছে রাজকীয় গোপনীয়তা। আগেভাগেই কিছু বলা হচ্ছে না। তবে রাজপ্রাসাদের পক্ষ থেকে গতকাল জানানো হয়, প্রিন্স উইলিয়ামকে তাঁর দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ পারিবারিক রত্নভান্ডার থেকে ওয়েলস গোল্ডের একটি আংটি দিচ্ছেন। ভাই হ্যারিই আংটিটি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাবেন। ভাইয়ের হাত থেকে আংটি নিয়ে বধূ কেটকে পরিয়ে দেবেন উইলিয়াম।বিয়ের সাক্ষী হিসেবে নিবন্ধনপত্রে স্বাক্ষর করবেন বরের ভাই প্রিন্স হ্যারি এবং কনের ভাই জেমস ও বোন পিপ্পা মিডলটন। উইলিয়ামের এই শ্যালিকা পিপ্পাই হবেন তাঁর বোনের সহচর।বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে সোয়া ১২টার দিকে। এর পরই বাকিংহাম প্যালেসের উদ্দেশে বর-নববধূকে নিয়ে ঘোড়ায় চড়ে শুরু হবে রাজকীয় শোভাযাত্রা। শোভাযাত্রায় যোগ দেবেন আমন্ত্রিত অতিথিরা। তখনই দেশের হবু রাজা-রানিকে একনজর দেখার সুযোগ পাবে আমজনতা। রাস্তার দুপাশে তখন তিল ধারণের জায়গা থাকবে না। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে পার্লামেন্ট, ডাউনিং স্ট্রিট ও দ্য মল হয়ে শোভাযাত্রা পৌঁছাবে রাজপ্রাসাদে। দুপুরে নাতি-নাতবৌকে নিয়ে বাকিংহাম প্যালেসে খাবার খাবেন রানি এলিজাবেথ। খাওয়া-দাওয়া সেরে দুপুর দেড়টার দিকে রাজপ্রাসাদের ব্যালকনিতে দাঁড়াবেন নবদম্পতি। নিচ থেকে তাঁদের নতুন জীবনকে স্বাগত জানাবে এবং দোয়া করবে সাধারণ জনতা। আকাশে তখন চক্কর দেবে রাজকীয় বিমানবাহিনীর বিমান। রাতে পুত্র ও পুত্রবধূকে নিয়ে নৈশভোজের আয়োজন করবেন প্রিন্স চার্লস।রাজপরিবারের বিয়েতে দাওয়াত পেয়েছেন এক হাজার ৯০০ জন। এর মধ্যে প্রায় ৫০ জন আছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। বিভিন্ন অঙ্গনের নামী-দামি তারকারা তো থাকছেনই অনুষ্ঠান আলোকিত করতে। অতিথিরা সবাই বিয়েবাড়িতে অর্থাৎ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ঢুকবেন বর-কনে আসার আগেই।মাত্র এক হাজার ৯০০ অতিথি রাজকীয় কর্মযজ্ঞের অংশীদার হতে পারলেও বর-কনে দাওয়াত দিয়ে বসেছেন দেশজুড়ে সবাইকে। গতকাল বৃহস্পতিবার সবাইকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁরা। এর মধ্য দিয়ে সবার দোয়া চেয়ে নিয়েছেন ব্রিটেনের হবু রাজা-রানি। দুজনে বলেছেন, ‘বাগদানের পর থেকে আমাদের প্রতি যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, তা আমাদের হূদয় ছুঁয়ে গেছে। সবাইকে আমাদের শুভেচ্ছা। আমরা চাই, আমাদের জীবনের সবচেয়ে সুখের এই দিনটি আপনারাও উপভোগ করুন।’গত ১০০ বছরের সবচেয়ে এই আলোচিত বিয়ে উপভোগ করতে সত্যিই মুখিয়ে আছে মানুষ। ব্রিটেনবাসী তো বটেই, সারা বিশ্বের মানুষও। এই দিনটির অংশ হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখন জড়ো হয়েছে লন্ডনে। লন্ডনের হোটেল-মোটেলে তিল ধারণের জায়গা নেই। ভিজিট ব্রিটেন নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, শুক্রবার লন্ডনে অন্য সময়ের থেকে ৬০ হাজার মানুষ বেশি থাকবে। পুরো লন্ডন শহরটাই হয়ে উঠবে একটা বিয়েবাড়ি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বর-বধূ শোভাযাত্রা তো বটেই, এমনকি বিয়ের আনুষ্ঠানিকতাও হয়তো দেখাবে, দেখবে বিশ্ববাসীও। কিন্তু নবদম্পতিকে নিজের চোখে একনজর দেখার সুযোগ যেন কেউ ছাড়তে চাইছে না। কয়েক দিন ধরে অনেকে তো ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে এবং বর-বধূর শোভাযাত্রা যে পথ ধরে প্রাসাদে যাবে, তার দুপাশে তাঁবু খাটিয়ে পড়ে আছে, শুক্রবার সকালবেলাটার অপেক্ষায়। কখন আসবেন রাজকুমার উইলিয়াম, বধূ করে নিয়ে যাবেন কেটকে।