রাজতন্ত্র নিয়ে রটনা ‘অপরাধ’!
একটি কক্ষে গাদাগাদি করে বসে আছেন একদল কম্পিউটার বিজ্ঞানী। তাঁদের চোখ বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও টুইটারের পাতায়। থাই রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো মন্তব্য বা ছবি চোখে পড়ামাত্রই তা মুছে ফেলছেন। সঙ্গে সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তির নাম তাঁরা পুলিশকে জানিয়ে দিচ্ছেন। ব্যাংকক শহরতলির একটি বাড়িতে এ ধরণের একটি কক্ষের সন্ধান পাওয়া গেছে। থাই সরকার এ কক্ষের নাম দিয়েছে ‘যুদ্ধকক্ষ’। দেশটির ৮৪ বছর বয়সী রাজা ভূমিবল আদ্যুলইয়াদেজের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা প্রকাশ না করতেই এই কড়াকড়ি ব্যবস্থা। কারণ, রাজা বা রাজতন্ত্রের জন্য অবমাননাকর যে কোনো বক্তব্য দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ।সম্প্রতি রাজতন্ত্রের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রকাশ এবং জড়িত ব্যক্তিকে শাস্তি দেওয়ার এ ধরণের বিধান নিয়ে দেশটিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। রানির বিরুদ্ধে অবমাননাকর এসএমএস পাঠানোর ‘অপরাধে’ ৬০ বছর বয়সী আম্পন তাংনোপাকুর নামে এ ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনের মারপ্যাঁচে জড়িয়েছেন আরও অনেকে।সমালোচকেরা একে ‘ডাইনি খোঁজা’র সঙ্গে তুলনা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাংনোপাকুর কারাদণ্ডকে দুঃখজনক বলে অভিহিত করেছে।থাইল্যান্ডের আইন অনুযায়ী, রাজা বা রাজতন্ত্রের বিরুদ্ধে অপমানসূচক কোনো বক্তব্যের জন্য ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। আরও আছে ২০০৭ সালে পাস হওয়া কম্পিউটার ক্রাইম অ্যাক্ট। এ আইনের লঙ্ঘনে শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে। এ দুটি আইনের ফাঁদে পড়ে ইতিমধ্যে ৭০ হাজারেরও বেশি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটনভিত্তিক সংগঠন ‘ফ্রিডম হাউস’ একে ‘বাক স্বাধীনতা’ হরণের আইন বলে অভিহিত করেছে।থাই তথ্য ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী নাকোর্নতাব সতর্ক করে দিয়ে বলেছেন, রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো বার্তায় যারা ‘লাইক’ দেবে বা ‘শেয়ার’ করবে তারাও একই শাস্তি ভোগ করবে। শুধু তা-ই নয়, যারা ফেসবুকের ওয়ালে এই ধরনের বার্তা পাবে এবং তা সঙ্গে সঙ্গে মুছবে না, তাদেরও শাস্তি পেতে হবে।তবে থাইল্যান্ডের কিছু মানুষ আশা করছে, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এ দুটি আইনের সংস্কারে পদক্ষেপ নেবেন। কারণ, ইংলাকের দলের কিছু সদস্যের বিরুদ্ধেও রাজতন্ত্রের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ইংলাক পা ফেলছেন সতর্কতার সঙ্গে। তিনি জানেন, সেনাবাহিনী ও রাজতন্ত্রই তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাদের অসন্তোষের কারণ হলে যেকোনো সময় ক্ষমতা থেকে ছিটকে পড়ে যেতে হতে পারে।