রাজতন্ত্রকে অবমাননা করায় ২০ বছরের কারাদণ্ড!
খুদে বার্তার মাধ্যমে রাজতন্ত্রকে অবমাননা করায় থাইল্যান্ডের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকেরা বলছেন, এটা রাজতন্ত্র রক্ষার নামে জনগণের বাক-স্বাধীনতা হরণের শামিল।ব্যাংককের অপরাধ আদালতের সূত্রমতে, ৬১ বছর বয়সী আমপন তাংনোপ্পাকুল ২০১০ সালে দেশটির তত্কালীন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভার ব্যক্তিগত সহকারীকে এ ধরনের বার্তা পাঠানোর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।আমপনের আইনজীবী অ্যানোন নাম্পা জানান, আদালত দোষী সাব্যস্ত করে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে।থাইল্যান্ডের বর্তমান রাজা ভূমিবল ৮৩ বছর ধরে এ পদে অধিষ্ঠিত। দেশের অনেকেই তাঁকে অর্ধদেবতা ভেবে থাকেন। দেশটির আইন অনুসারে, রাজা-রানি ও তাঁদের উত্তরাধিকারী বা তাঁদের নিয়োজিত ব্যক্তির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যকারীকে দীর্ঘ সময়ের কারাদণ্ডাদেশ দেওয়ার বিধান রয়েছে।গত বছর গ্রেপ্তার হওয়ার পর আদালতে আমপন নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারের সময়ে তিনি দেশে ‘আংকেল এসএমএস’ নামে পরিচিতি পান। তাঁকে গ্রেপ্তারের পর দেশটির গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ জানায়, ওই খুদে বার্তাগুলো অগ্রহণযোগ্য এবং সেগুলো রাজতন্ত্রের প্রতি অপমানজনক। তবে বার্তাগুলোর বিষয়বস্তু কী ছিল, তা প্রকাশ করা হয়নি।কারাদণ্ডাদেশের সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থাইল্যান্ডের গবেষক বেঞ্জামিন জাওয়াকি বলেন, আমপন প্রায় নিশ্চিতভাবেই একজন বিবেকতাড়িত কারাবন্দী (প্রিজনার অব কনসায়েন্স)। তিনি বলেন, ‘আমরা বলছি না যে থাইল্যান্ডের রাজতন্ত্র রক্ষা করতে হবে না। তবে সেটা এমনভাবে করতে হবে, যেটা বাক-স্বাধীনতা রক্ষায় থাইল্যান্ডের আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সংগতিপূর্ণ।’ ওয়েবসাইট।