রাজধানী অচল করে দাবি আদায়ের প্রস্তুতি হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিড়া, মুড়ি, শুকনা খাবারসহ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ৬ এপ্রিল ঢাকা অভিমুখী লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। লংমার্চ সমন্বয় কমিটি গতকাল রোববার বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানায়।লংমার্চ সফল করার লক্ষ্যে ৩ এপ্রিল সকালে লালবাগে ওলামা-মাশায়েখ সম্মেলন, বিকেলে পুরানা পল্টন থেকে প্রচার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।হেফাজতে ইসলামের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ৬ এপ্রিল দেশের সব জেলা থেকে লংমার্চ করে এসে রাজধানী ঢাকাকে কয়েক ঘণ্টার জন্য অচল করে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে হেফাজতসংশ্লিষ্ট কওমি ধারার ধর্মভিত্তিক বিভিন্ন দল, সংগঠন ও প্রভাবশালী আলেমদের অন্তত ১০টি প্রতিনিধিদল দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসাগুলো সফর করছে।সংগঠনটির শীর্ষপর্যায়ের সূত্রগুলো জানায়, এই কর্মসূচির মাধ্যমে কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ সংগঠনের ১৩ দফা দাবির বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি কার্যকর প্রতিশ্রুতি আদায় করতে চায় হেফাজতে ইসলাম। একই সঙ্গে ওই দিন ঢাকায় বড় ধরনের জমায়েত করে ওলামা-মাশায়েখরা নিজেদের শক্তি-সামর্থ্য সরকারকে দেখিয়ে দিতে চান। এ জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, পুরানা পল্টন মোড় ও মতিঝিলের শাপলা চত্বর—এ তিনটি জায়গার যেকোনো একটিতে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।হেফাজতের নেতারা আশা করছেন, গত বৃহস্পতিবার মতিঝিলে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের অনুমতিসহ পুলিশ যেভাবে নিরাপত্তা দিয়েছে, ৬ এপ্রিল তাঁদের কর্মসূচি পালনেও তেমন সহযোগিতা দেবে সরকার। আর যদি লংমার্চে বাধা বা ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া না হয়, তাহলে ৭ এপ্রিল থেকে সারা দেশে লাগাতার হরতাল দেওয়ার আগাম ঘোষণা দিয়েছে সংগঠনটি।লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বিষয়টির উল্লেখ করে বলেন, ‘লংমার্চে বাধা বা হেফাজতের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে পরদিন থেকে এমন কঠোর কর্মসূচি দেওয়া হবে, যা সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। আর এই আন্দোলন যদি সরকার পতনের দিকে মোড় নেয়, তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন করা, ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করা এবং আল্লাহ, পবিত্র কোরআন, মহানবী (সা.) ও ইসলামের অনুশাসনের বিরুদ্ধে কটূক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় (দারুল উলুম মঈনুল ইসলাম) ওলামা-মাশায়েখ সম্মেলনে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের বাইরে ইতিমধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে বিভাগীয় ও জেলা কমিটি গঠন করা হয়েছে। ঢাকায় লংমার্চ সমন্বয় কমিটি গত শনিবার রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, সূত্রাপুর ও ঢাকার উপকণ্ঠ সাভার-আশুলিয়া এবং কেরানীগঞ্জ-মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকা নিয়ে নয়টি কমিটি করেছে।সংবাদ সম্মেলন: লংমার্চ সমন্বয় কমিটি গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, ঘোষিত কর্মসূচিতে অংশ না নিতে সারা দেশে বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল, মসজিদের ইমাম-খতিবদের ডেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা চাপ দিচ্ছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর হোসাইন কাসেমী বলেন, ‘সরকার জামায়াত-শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবস্থা নিচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারও তারা অনেক আগে থেকেই করছে। এ বিষয়ে আলেম-ওলামারা টুঁ শব্দটিও করেননি। যখনই আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামকে আঘাত করা হয়েছে, আলেমরা তখনই প্রতিবাদে নেমেছেন।’ তিনি দাবি করেন, ‘কাউকে ক্ষমতা থেকে নামানো, বসানো বা কারও এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামিনি। এই আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের সম্পর্ক নেই।’লিখিতব বক্তব্যে বলা হয়, কিছু গণমাধ্যম এবং ইসলামের নামধারী ব্যক্তি ও দল হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জুনায়েদ আল-হাবীব, খেলাফতে ইসলামীর আমির আবুল হাসানাত আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী প্রমুখ।আজ লালদীঘি ময়দানে সভা: দাবির সমর্থনে আজ সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে রেসালত সম্মেলন করছে হেফাজতে ইসলাম। বেলঅ দুইটায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেফাজতে ইসলামের নেতারা বক্তৃতা দেবেন।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘৬ এপ্রিলের লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা লালদীঘি ময়দানে রেসালত সম্মেলন ডেকেছি।’