রাজধানী ও তিন জেলায় ভূমিকম্প
রাজধানী ঢাকা এবং ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলায় আজ বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমানায়।রাজধানীতে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল চার দশমিক পাঁচ। বেলা একটা ৩৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় এবং তা ২৩ সেকেন্ড স্থায়ী ছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।আজ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ও সদর উপজেলার সাতপাড়ে ভূ-কম্পন হয়। সিংগা গ্রামের প্রসূন মণ্ডল প্রথম আলোকে জানান, ভূমিকম্পে বাড়ির উঠানে ঘর তৈরির জন্য রাখা ইটের স্তূপ ভেঙে পড়ে। পুকুর ও খালের পানি কাঁপতে থাকে।ফরিদপুর জেলা আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আলম জানান, সেখানে ভূমিকম্প প্রায় এক মিনিট স্থায়ী হয়। এদিকে রাজবাড়ীতেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প ৫ থেকে ৭ সেকেন্ড স্থায়ী হয়।