রাজধানী জুড়ে তীব্র যানজট
রাজধানী জুড়ে আজ রোববার সকাল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে আছে রাস্তাগুলো। এদিকে আজ থেকেই নগরে যান চলাচলে শৃঙ্খলা আনতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। নগরের ১৩টি পয়েন্টে বিশেষ তদারকি দল কাজ করছে।আজ সকাল থেকে নগরের মিরপুর রোড, মগবাজার, মহাখালী, তেজগাঁও, বিমানবন্দর সড়কের কিছু অংশ, মালিবাগ, কাকরাইল, পল্টন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ ঢাকার বেশির ভাগ এলাকায় ছিল তীব্র যানজট। গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে রাস্তায়। যানজটে আটকে থেকে বাসগুলোর ট্রিপ কমে গেছে। নগরের বিভিন্ন বাস থামার জায়গায় বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ। আর টেক্সিক্যাব ও সিএনজিচালিত অটোরিকশার তো দেখা মেলাই ভার।মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে মগবাজার-কাকরাইল সড়কের রমনা থানার সামনে একটি মালভর্তি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পড়ে বিকল হয়ে যায়। রেকার দিয়েও ভ্যানটি সরানো সম্ভব হয়নি। পরে আজ সকালে ভ্যানটির মালামাল নামিয়ে দুপুরে রাস্তা থেকে সরানো হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর সচিবালয়ে যাওয়ার কারণেও কিছু সড়ক কিছুক্ষণ বন্ধ ছিল। আর বৃষ্টির কারণেও যানবাহনের গতি কিছুটা কম ছিল। সব মিলিয়ে যানজট ‘একটু বেড়েছে’ বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা।এদিকে নগরের ১৩টি পয়েন্টে পুলিশের একজন উপকমিশনারের নেতৃত্বে কাজ করছে বিশেষ দল। এসব দলে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরাও রয়েছেন। লেন, সিগন্যাল বা অন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের ন্যূনতম এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের জন্য চালক লাইসেন্স স্থগিত রাখা হবে। সঙ্গে নিয়মিত শাস্তির বিধানগুলো তো রয়েছেই। চালকদের লেন ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার অভ্যাস করাতেই পুলিশের এ বিশেষ উদ্যোগ বলে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।