রাজধানী থেকে জামায়াতের ৪৭ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ মোড় থেকে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৭ জন কর্মীকে আটক করেছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশসহ ২০ জন আহত হন।বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে মিছিল বের করে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচারের প্রতিবাদে দলটি তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজ ছিল এর দ্বিতীয় দিন।জামায়াত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ ডেকেছিল। সমাবেশ শুরুর আগে পুলিশ প্রধান ফটকে তালা দেয়। মিলনায়তনে ঢুকতে না পেরে জামায়াতের কর্মীরা রাজধানীর কাকরাইল মোড়ে জমা হয়। পরে তাঁরা শান্তিনগরে মিছিল করেন। মালিবাগে সমাবেশ করার সময় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন আর পুলিশও টিয়ার শেল ছোড়ে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জামায়াত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না নিয়েই সমাবেশ করেছে। এ কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে। তিনি বলেন, ওই থানায় ২১ জন কর্মীকে আটক করা হয়েছে।এদিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, মালিবাগ থেকে ২৬ জনকে আটক করা হয়েছে।