১২ মার্চ নিয়ে খালেদা জিয়ার বিবৃতি
রাজধানী থেকে পল্লি পর্যন্ত গণজাগরণ, শাসকগোষ্ঠী ভীত
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘১২ মার্চের কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হবে না বলে প্রথম দিকে সরকার প্রকাশ্যে ঘোষণা করলেও কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ সারা দেশে সর্বস্তরের জনগণের মধ্যে বিপুল সাড়া জাগতে দেখে ক্ষমতাসীনরা বেসামাল হয়ে পড়েছে। আমাদের কর্মসূচির আগে ও পরে শাসক জোট তাদের দলীয় কর্মসূচি ঘোষণা করেও স্বস্তিবোধ করতে পারছে না।’ আজ শুক্রবার একটি লিখিত বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘তাঁরা ১২ মার্চের কর্মসূচির বিরুদ্ধে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দিতে শুরু করেছেন। দেশজুড়ে সর্বস্তরে সুপরিকল্পিতভাবে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। সরকার সারা দেশে ইতিমধ্যে গণগ্রেপ্তার অভিযান শুরু করেছে। হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে আবাসিক হোটেল ও খাবার দোকানগুলোকে কর্মসূচির সময় বন্ধ রাখার জন্য ইতিমধ্যে সম্পূর্ণ বেআইনি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচির দিনে সমাবেশে যোগদানকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া সমাবেশে যোগ দিতে ইচ্ছুক নেতা-কর্মীদের যানবাহন ভাড়া না দিতে স্থানীয় প্রশাসন নির্দেশ দিচ্ছে। এমনকি সরকারি দলের নেতারা ১২ মার্চের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারির জন্যও নিজেদের সরকারের কাছে প্রকাশ্যে দাবি জানাচ্ছে।’সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমি সরকারকে বলব, এই কর্মসূচিতে আঘাত এলে তা হবে গণতন্ত্রের ওপর আঘাত। বাধা দিয়ে, সংঘাত ডেকে কিংবা নাশকতা করে গণতন্ত্রকে বিপন্ন করবেন না। এর পরিণাম শুভ হবে না। এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলনকারী জনগণের ওপর গুলি চালিয়ে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়েছেন। তবুও আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু সকলের ধৈর্যের একটা সীমা আছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। তাই আমার আহ্বান, সকল অপতত্পরতা অবিলম্বে বন্ধ করুন। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তা করুন।’পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে সরকারের বেআইনি ও অন্যায় নির্দেশ মেনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা-বিঘ্ন সৃষ্টির তত্পরতা থেকে বিরত থাকুন। জনগণের ওপর নিপীড়নের পথ পরিহার করুন। আপনারা শান্তি বজায় রাখবেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় সহায়তা করবেন।’ তিনি বলেন, ‘আমি গ্রেপ্তারকৃত নেতা-কর্মী ও নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে তাঁরা কর্মসূচিতে অংশ নিতে পারেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ আহ্বান ও তাতে অংশগ্রহণ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার আজ সেই অধিকারে নগ্ন হস্তক্ষেপ করছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমি এ সকল অপতত্পরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ সব চক্রান্ত ও বিঘ্ন উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, ‘আমরা আন্দোলন করছি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে পুনঃপ্রবর্তনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা পরিবর্তনের ধারা রক্ষার জন্য। আমাদের আন্দোলন সরকারের সর্বমুখী ব্যর্থতা ও উত্পীড়নের প্রতিবাদে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী থেকে নিভৃত পল্লি পর্যন্ত সারা দেশে সৃষ্টি হয়েছে বিপুল উত্সাহ-উদ্দীপনা ও প্রবল গণজাগরণ। এতে ইতিমধ্যেই গণবিচ্ছিন্ন হয়ে পড়া শাসকগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড ভীতি ও আতঙ্ক। কারণ এই কর্মসূচি আজ আর কেবল আমাদের কিংবা কোনো দলের নয়, জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে এবং জনসমর্থনহীন সরকার নিজের দেশের জনগণকে ভয় পেতে শুরু করেছে। রাষ্ট্রশক্তির ছত্রচ্ছায়া এবং পেশিশক্তির ওপর নির্ভর করে তারা আত্মরক্ষা করতে চাইছে।’ বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেছেন, ‘১২ মার্চের কর্মসূচি হবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। লাখ লাখ মানুষের কর্মসূচি কতটা শান্তিপূর্ণ হতে পারে, তা আমরা সম্প্রতি রোডমার্চ ও মহাসমাবেশগুলোতে প্রমাণ করেছি। আমরা সন্ত্রাস-নৈরাজ্যে বিশ্বাস করি না। ১২ মার্চের কর্মসূচিতে আমরা আরেকবার সে নজির স্থাপন করতে চাই। আমি আশা করি, ১২ মার্চের কর্মসূচির মাধ্যমে জনগণের আন্দোলন নতুন ধাপে উন্নীত হবে এবং সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে বাধ্য হবে।’