রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগমন ও আর্জেন্টিনা-নাইজেরিয়া ফুটবল খেলাকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ রাজধানীতে ১৫ হাজার পুলিশ ও র্যাবের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। এ ছাড়া রাজধানীর সবর্ত্রই চলছে গোয়েন্দা নজরদারি।সংশ্লিষ্ট সূত্র মতে, আজ মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে সাড়ে চার হাজার পুলিশ ও ৫০০ র্যাব সদস্য ছিল। বিকেল থেকেই স্টেডিয়ামের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশের পাশাপাশি নারী সদস্যরা টহল দেন। আশপাশের বহুতল ভবনের ছাদে অবস্থান নিয়েছেন চৌকস নিরাপত্তাকর্মীরা।রাজধানীর বিভিন্ন স্থানে আরও ১০ হাজার পুলিশ ও র্যাব গোয়েন্দা সংস্থা নজরদারি করছে। খেলা উপলক্ষে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষ ইউনিট সোয়াত টিমের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিকেল থেকে স্টেডিয়ামের আশপাশের মুক্তাঙ্গন, গোলাপশাহের মাজার, মতিঝিল শাপলা চত্বরসহ বিভিন্ন সড়ক বন্ধ থাকে।সরেজমিনে দেখা যায়, দর্শনার্থীদের আর্চওয়ে ব্যবহার করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে। স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভিডিও ক্যামেরা সচল ছিল। সন্দেহভাজন ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে স্টেডিয়ামে ঢোকার ফটক ও আশপাশের এলাকায় সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে মানুষকে সহায়তা দিতে পুলিশ নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়।পুলিশ ও র্যাব কর্মকর্তারা জানান, ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যদের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মনমোহন সিংহের মূল নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তাদের সহযোগিতা করছে র্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মনমোহন সিং চলাচলের সময় যেসব পথ ব্যবহার করবেন, সেসব স্থানে পোশাকধারীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন থাকছে।কাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবনে যাবেন। এ সময় এসব সড়কের আশপাশে যান চলাচল বন্ধ থাকবে।