রাজধানীজুড়ে পানির সংকট, রাস্তা অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট থেকে পোস্তগোলা, মোহাম্মদপুর থেকে মিরপুর, বনশ্রী থেকে মহাখালী—রাজধানীজুড়ে এখন পানির চরম সংকট। সবখানেই ওয়াসার পানির গাড়ির সামনে দীর্ঘ লাইন-প্রতীক্ষা। এরই মধ্যে পানির দাবিতে কয়েক শ লোক রাস্তা অবরোধ করে মহাখালীতে গতকাল বিক্ষোভ পর্যন্ত করেছে।ওয়াসা সূত্র জানায়, নগরে ২৫০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ১৭৫ লিটার সরবরাহ করা হচ্ছে। জরুরি সমস্যা মোকাবিলায় ৩১টি পানির গাড়ি, ১১টি ট্রাক্টর ও ৩০টি ট্রলি নামানো হয়েছে। এর পরও সমস্যা কাটছে না। সোমবার ৫০৭ গাড়ি পানির চাহিদার বিপরীতে ২২৫ গাড়ি সরবরাহ করা সম্ভব হয়েছে।রাজধানীজুড়ে যখন পানি নিয়ে হাহাকার, তখন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দাবি করেছেন, পানির কোনো সংকট নেই। তাঁর মতে, এখন যে অবস্থা চলছে সেটিকে সংকট না বলে সাময়িক অসুবিধা বলা শ্রেয়। তিনি বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পানির উত্তোলনকাজ ব্যাহত হচ্ছে। তবে ওয়াসার যা উৎপাদন, তা দিয়ে গ্রাহকদের চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে। কিন্তু সমস্যা করছে অবৈধভাবে যাঁরা পানির সংযোগ নিচ্ছেন, তাঁরা। কিন্তু এই অবৈধ গ্রাহকের সংখ্যা কত, সে সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি।সমস্যা সমাধানে এ মুহূর্তে ঢাকায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ থেকে সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) অবস্থান নেবেন এবং সিস্টেম লস কমানোর চেষ্টা করবেন।মধ্যরাতে পানির প্রতীক্ষায়: পুরান ঢাকার ১৭ নম্বর হরিচরণ রায় রোডের মাহবুব উদ্দিন চৌধুরী, ২০/১ বাহাদুরপুর লেনের আবু তাহের এবং ৩৫ নম্বর শাঁখারীবাজার লেনের বাসিন্দা জাভেদ চৌধুরীর একই অভিযোগ, সপ্তাহজুড়ে ওয়াসার পানিবাহী গাড়ির পেছনে এলাকার নারী-পুরুষ এমনকি ছোট্ট শিশুটিকেও পানির জন্য বালতি, কলসি আর হাঁড়ি-পাতিল নিয়ে ছুটতে হয়। এভাবে আর কত?একই অবস্থা ঢাকার সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত বিভিন্ন এলাকায়। ওয়াসার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই এলাকায় পানির চাহিদা রয়েছে প্রতিদিন মোট ২১ কোটি লিটার। কিন্তু পানির উৎপাদন হয়েছে ১৭ কোটি লিটার। এর সঙ্গে তীব্র বিদ্যুৎ-সংকটের কারণে উৎপাদন চরম ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে মডস জোন-১ এর গেন্ডারিয়া এলাকার একটি জেনারেটর বিকল হয়ে গেছে। দুই দিন ধরে নারিন্দা এলাকায় দুটি পানিবাহী গাড়ি ও একটি ট্রলি দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে।ওয়াসা মডস জোন-১-এর নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৬১টি পানির পাম্পের বিপরীতে জেনারেটর রয়েছে মাত্র ৩৩টি। এগুলোও আবার বিদ্যুতের কারণে অচল হয়ে যাচ্ছে। প্রতিটি পাম্পে প্রতি মিনিটে ৫০০ লিটার পানির উৎপাদন কম হচ্ছে। এতে প্রতি মিনিটে দুই হাজার ২০০ লিটার পানির উৎপাদন কমে গেছে। গেন্ডারিয়ায় গভীর নলকূপ বসানোর আবেদন করেও দীর্ঘদিন ধরে জায়গা পাওয়া যাচ্ছে না। ফলে সংকট সৃষ্টি হচ্ছে।পানির গাড়ির প্রতীক্ষায়: গেন্ডারিয়া, নারিন্দা, লোহারপুল, হরিচরণ রায় রোড, পোস্তগোলা, মনির হোসেন লেন, বঙ্গভবন পার্ক এলাকা, কে এম দাস লেন ও দয়াগঞ্জের বাসিন্দাদের ওয়াসার গভীর নলকূপই ভরসা। গতকাল স্থানীয় বাসিন্দাদের অনেক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪টি পানিবাহী গাড়িতে পানি সরবরাহ করা হয়েছে। এখানে বিদ্যুৎ চলে গেলে পানির আর বিকল্প কোনো ব্যবস্থা নেই। জেনারেটরও নেই। তাই বিদ্যুৎ আর পানির তীব্র সংকটে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।তবে নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমানের দাবি, জেনারেটর অচল হয়ে পড়ায় গেন্ডারিয়ায় গতকাল পানির একটু সংকট ছিল। এ ছাড়া হরিচরণ রায় রোড, লোহারপুল ও সংলগ্ন এলাকায় আজ-কালের মধ্যেই সংকটের সমাধান হয়ে যাবে। এ ছাড়া বৈশাখী হাউজিং, লোহারপুল ও মিলব্যারাকে আজ জেনারেটর বসানো হবে। দু-এক দিনের মধ্যেই সংকট সমাধান হয়ে যাবে।চাঁদনীঘাটের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানিয়েছেন, ওয়াটার ওয়ার্কসে পানির উৎপাদন বেড়েছে। তবে বিদ্যুতের কারণে পানি দেওয়া যাচ্ছে না।সরবরাহ লাইন শূন্য: রাজধানীর বনশ্রী এলাকার সি ব্লকের ৬ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির ভাড়াটে সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, গত ১৫ দিনে সরবরাহ লাইনে এক ফোঁটাও পানি পাওয়া যাচ্ছে না। ওয়াসার গাড়ি তিন দিন পর পর এসে কিছু পানি দিয়ে যায়। কিন্তু তা দিয়ে ধোয়ামোছার কাজ সারা হলেও গোসল, রান্নাবান্না এবং খাবার পানি বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।মোহাম্মদপুর শেরশাহসূরি রোডের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, লোডশেডিংয়ের কারণে সরবরাহ লাইনে পানি থাকে না। এ কারণে তিনি বাজারের কল থেকে হাত-মুখ ধোয়ার কাজ শেষ করে বাসায় ফেরেন।ওয়াসার যত প্রতিশ্রুতি: ওয়াসা কর্তৃপক্ষ ১০ বছর ধরে বলে আসছে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থিত পানি সরবরাহ করে চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু সায়েদাবাদ পানি শোধনাগার (পর্ব ১) ছাড়া কোনো প্রকল্পই বাস্তবায়িত হয়নি। ২০০১ সালে সায়েদাবাদ ট্রিটমেন্ট প্লান্ট-১-এর পরপরই সায়েদাবাদ শোধনাগার পর্ব-২ শুরুর কথা। এর মাধ্যমে পাঁচ বছরের মধ্যে আরও সাড়ে ২২ কোটি লিটার পানি বর্তমানে সরবরাহকৃত পানির সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু নয় বছরেও এটি হয়নি। সম্প্রতি প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ দেওয়া হয়েছে।আটকে আছে পদ্মার পানি দিয়ে পাগলা, কেরানীগঞ্জের শোধনাগার প্রকল্পটিও। এ নিয়ে চিন্তাভাবনার শুরু ১০ বছর আগে। কথা ছিল মাওয়া থেকে পদ্মার পানি এনে মহানগরে সরবরাহ করা হবে। কিন্তু কবে এই শোধনাগার তৈরি হবে জানা নেই ওয়াসারও। একইভাবে মেঘনার পানিতে খিলক্ষেত শোধনাগার স্থাপনের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে চার-পাঁচ বছর ধরে। মেঘনা নদী থেকে এই পানি এনে নগরে ৫০ কোটি লিটার পানির চাহিদা মেটানো হবে বলে জানানো হয়। কিন্তু এখনো এই শোধনাগারের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।ভূ-উপরিস্থিত পানি সরবরাহের উদ্যোগ ছাড়াও গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের চেষ্টা অব্যাহত রেখেছে—দীর্ঘদিন ধরে এমন দাবি ওয়াসার। মিরপুরের পানি সংকট মেটানোর জন্য মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে গভীর নলকূপ স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় পানি সরবরাহের চেষ্টা চলছে কয়েক বছর ধরে। কিন্তু চেষ্টাতেই থেমে আছে।এসব প্রকল্পের বাস্তবায়ন না হওয়া সম্পর্কে তাকসিম এ খান জানান, প্রকল্প বাস্তবায়নে দেড় থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার প্রয়োজন। অর্থাভাবে প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না। এ ছাড়া প্রতি হাজার লিটার পানি উত্তোলনে ১৫ টাকা খরচ হলেও ওয়াসা গ্রাহকের কাছ থেকে বিল হিসেবে ছয় টাকা পায়। সে কারণেই ওয়াসার পক্ষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি সাহায্যের প্রতীক্ষায় থাকতে হয়। তবে ২০১২ নাগাদ সায়েদাবাদ শোধনাগার প্রকল্প পর্ব-২-এর কাজ শেষ হবে বলে জানান তিনি।