রাজধানীজুড়ে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজের মাঝে লাল সূর্য। রাজধানীজুড়ে এ দৃশ্য। রাজপথে ফেরি করে করে জাতীয় পতাকা বিক্রি। যানবাহনের সঙ্গে কিংবা বসতবাড়িতে উড্ডীন পতাকা জানান দিচ্ছে, জাতির গৌরবের দিন—বিজয় দিবস আসন্ন। বাঙালির এই চিরগৌরবের দিনটি ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে বিজয় উৎসব। গতকাল সেই উৎসব ছড়িয়ে পড়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, শিশু একাডেমী, রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধ, মিরপুরের কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ ময়দান, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, দনিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয় মাঠ ও শনির আখড়ায়। এ ছাড়া গতকাল রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ প্লাজায় আয়োজন করা হয় আকর্ষণীয় ‘শব্দালোক’ প্রদর্শনী। বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ প্লাজায় শব্দালোক প্রদর্শনীর শিরোনাম ছিল ‘বাংলাদেশের হূদয় হতে’। এই আয়োজনের মূল ভাবনা ও নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক। সন্ধ্যা সাতটা ও রাত আটটায় দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ‘আলো, শব্দ, ইমেজ ও কোরিওগ্রাফি’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে এতে।গতকাল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামীকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত আটটায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত সাড়ে আটটায় সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ প্লাজায় আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় উৎসব: শহীদ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের হত্যার তদন্তসহ তিন দফা দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্ব্বরে মানববন্ধন করে তারা। এ ছাড়া বিকেলে শিশুদের অংশগ্রহণে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার (মানচিত্রসমেত) নকশা অনুযায়ী ৫৪ ফুট দীর্ঘ ও ২৭ ফুট প্রস্থের জাতীয় পাতাকা তৈরি করা হয়। ওই পতাকার নকশাকার শিবনারায়ণ দাস পতাকা তৈরির কাজ তত্ত্বাবধান করেন।আয়োজকেরা জানান, উৎসবের কর্মসূূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার প্রদর্শনী, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উড্ডয়ন ও বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফুটানোর আয়োজন করা হয়েছে।