রাজধানীজুড়ে শতাধিক পোশাক কারখানা ও আড়াই শ যান ভাঙচুর
সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ভবনমালিক ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার এবং কারখানা ছুটির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে ঢাকায় বেসরকারি হাসপাতাল, ব্যাংকসহ শতাধিক পোশাক কারখানা এবং অন্তত আড়াই শ যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া গাজীপুরে ২৫টি পোশাক কারখানা, ৫০টি যানবাহন ও নারায়ণগঞ্জে পাঁচটি কারখানায় ভাঙচুর চালানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকার পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রানা প্লাজা ধসের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণার দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ দাবি আমলে না নেওয়ায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই মধ্যে অন্য এলাকা থেকে লাঠি হাতে শ্রমিকেরা শেওড়াপাড়ায় রোকেয়া সরণিতে জড়ো হন। তাঁরা ওই এলাকার কারখানায় গিয়ে পোশাকশ্রমিকদের বাইরে আসার আহ্বান জানান এবং রাস্তার দুপাশে পোশাক কারখানা লক্ষ্য করে ঢিল ছুড়ে মারেন। এতে অন্তত চারটি কারখানার কাচ ভেঙে যায়। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে তাঁরা বাইরে অপেক্ষমাণ শ্রমিকদের সঙ্গে যোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢিল ছুড়ে ও লাঠি হাতে অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকদের একটি অংশ তালতলা-আগারগাঁও এবং আরেকটি অংশ যায় কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বরের দিকে।এ সময় শ্রমিকেরা স্লোগান দেন, ‘শ্রমিক হত্যাকারীর গদিতে আগুন জ্বালো একসাথে’। এ সময় রাস্তার দুপাশের ভবন লক্ষ্য করে ঢিল ছোড়েন তাঁরা। পুলিশ তাঁদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়। পোশাকশ্রমিকেরা আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত এভাবে অর্ধশতাধিক যান, পোশাক কারখানাসহ বিভিন্ন ভবনের কাচ ভাঙচুর করেন। তাঁরা কাজীপাড়ায় এক্সিম ব্যাংক হাসপাতাল ও শাহজালাল ব্যাংকের মিরপুর শাখায় ভাঙচুর করেন।এ খবর ছড়িয়ে পড়লে মিরপুরের অন্য এলাকার কয়েক হাজার শ্রমিক লাঠি হাতে বেরিয়ে এসে বিভিন্ন সড়কে অবস্থান নেন। দফায় দফায় পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ মিরপুর ১১, ১২ এবং আরেক অংশ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের দিকে মিছিল নিয়ে যায়। শ্রমিকেরা এ সময় রাস্তায় থাকা যানবাহন ও দুপাশের ভবন লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে পল্লবীর কালশী রোডের ২২ তলার একটি পোশাক কারখানাসহ বহু কারখানার কাচ ভেঙে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি পিকআপ ভাঙচুর করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হন।পোশাকশ্রমিক কফিলউদ্দিন বলেন, ‘রানা প্লাজায় আমাদের স্বজনেরা আটকা পড়ে আছে। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খোলা রেখে আমাদের কাজ করতে বাধ্য করাচ্ছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি।’ আরেক শ্রমিক সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাভারে ভবনের মালিক আওয়ামী লীগের লোক বইলা তাকে পুলিশ ধরে না।’বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ শ্রমিক গাবতলীতে ভাঙচুর চালান। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলে। এ সময় দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে কল্যাণপুরে তিনটি প্রাইভেট কারে ভাঙচুর করেন তাঁরা। বেলা একটা পর্যন্ত মিরপুর এলাকায় এই অরাজক অবস্থা চলে। পরে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের নেতৃত্বে কর্মকর্তারা কারখানা বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে চলে যান। দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়।বিভিন্ন সূত্রের তথ্যমতে, গোটা মিরপুর এলাকায় অন্তত শতাধিক যান, বেসরকারি হাসপাতালসহ অর্ধশত পোশাক কারখানা ভাঙচুর করা হয়েছে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকেরা রাস্তায় নামার পর যান চলাচল বন্ধ করে দেওয়ায় ভাঙচুর কম হয়েছে। পুলিশ আক্রান্ত হলেও আইনি পদক্ষেপ নেয়নি। বরং ধৈর্য ধারণ করে পোশাক কারখানা বন্ধের ব্যবস্থা করে।গুলশান-খিলগাঁও: সকাল সাড়ে নয়টার দিকে রামপুরা থেকে দুই শতাধিক পোশাকশ্রমিক মিছিল নিয়ে গুলশানের দিকে যান। পথে তাঁদের সঙ্গে যোগ দেন আরও শ্রমিক। মিছিলটি গুলশান ১ নম্বর হয়ে কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনের দিকে রওনা দেয়। তখন গুলশান ১ নম্বরের পাশে একটি কারখানা খোলা আছে শুনে শ্রমিকেরা সেটি ভাঙচুর করেন। এ সময় একটি প্রাইভেট কার শ্রমিকদের ভিড়ের মাঝখানে পড়ে যায়। চালক দ্রুত গাড়ি নিয়ে সরে যাওয়ার সময় চাপা পড়েন চার শ্রমিক ও পুলিশের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর পর লাঠিসোঁটা নিয়ে কয়েকটি দোকানে ভাঙচুর চালান তাঁরা। তখন আশপাশের দোকানগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে দুজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁরা গুলশান ১ নম্বর থেকে মহাখালী, বাড্ডা এবং সেখান থেকে রামপুরা পর্যন্ত ভবন ও বাস-প্রাইভেট কার ভাঙচুর করেন। শ্রমিকেরা গুলশান ১ নম্বরে কিছু খাবার দোকান ভাঙচুর করেন। ঘটনার সময় গুলশান থেকে খিলগাঁও পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এই এলাকায় অন্তত ৫০টি যানবাহন ভাঙচুর করা হয়।রামপুরার পোশাকশ্রমিক ইকবাল হোসেন বলেন, ‘আমরা রানার ফাঁসি চাই। এভাবে বারবার আগুনে পুড়ে, ভবন ভেঙে, ছাদ থেকে ফেলে দিয়ে আমাদের হত্যা করা হবে, অথচ টাকার জোরে তারা বেঁচে যাবে, এটা হতে পারে না।’দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন গুলশান থানার উপরিদর্শক (এসআই) আবু তাহের, পোশাকশ্রমিক রুবেল, সুমন, রুবেল মিয়া ও সাইদুল ইসলাম। আবু তাহেরকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শ্যামলী-মহাখালী-বনানী-তেজগাঁও-যাত্রাবাড়ী: শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কল্যাণপুর ও শ্যামলী হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে নির্বিচারে যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরা। তাঁরা তেঁজগাও, যাত্রাবাড়ী, কাঁচপুর, শনির আখড়া, বনানী, মহাখালী, মালিবাগ, শান্তিনগর, পল্টন, ফকিরাপুলসহ বিভিন্ন সড়কে শ-খানেক যানবাহন ভাঙচুর করেন।বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ: বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে পোশাকশ্রমিকদের একটি মিছিল এবং পরে রামপুরা এলাকা থেকে আরেকটি মিছিল বিজিএমইএ ভবনের সামনে আসে। শ্রমিকেরা রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক ও পোশাকশিল্পের মালিকদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় ভবনটির সামনে বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থায় ছিল।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকেরা বেআইনিভাবে ভাঙচুর চালিয়েছেন। আর যাতে এভাবে ভাঙচুর না হয়, সে জন্য পুলিশ প্রস্তুত থাকবে।গত বৃহস্পতিবার পোশাকশ্রমিকেরা ঢাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ১১১টি পোশাক কারখানা ও ১৪৫টি যানবাহনে ভাঙচুর চালান।