চারদিক থেকে ভেসে আসছে হরেক রকম শব্দ। শব্দযন্ত্রের (মাইক) কল্যাণে চলছে নানা পোশাকের বিজ্ঞাপন। কেউ মূল্যহ্রাসের কথা বলছেন; কারও ঘোষণায় আছে, একটি কিনলে আরেকটি ফ্রি। উন্মুক্ত মাঠে এসব আওয়াজ ছাপিয়ে একটি ঘোষণা স্পষ্ট—মেলা, বিরাট ঈদ বস্ত্রমেলা!রাজধানীর বিপণিবিতানগুলোতে এখন কেনাকাটার ব্যস্ততা পুরোদস্তুর। এই কেনাবেচার উৎসবে জায়গা করে নিয়েছে মেলা। সুসজ্জিত তোরণ আর তাঁতবস্ত্রের সঙ্গে নানা পণ্যের পসরা। ক্রেতার উপস্থিতিও বেশ ভালো। বিশেষ করে বিপণিকেন্দ্রগুলোর ভিড় এড়াতে এবং কম ঘুরে সব ধরনের কেনাকাটা সারতে নারী ক্রেতাদের কাছে মেলার বিশেষ কদর রয়েছে।ঈদ সামনে রেখে মেলার আয়োজন নতুন কোনো ঘটনা নয়। দেশের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র বিপণন এবং ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতে তাঁত বোর্ড ঈদের আগে এ ধরনের মেলার আয়োজন করে প্রতিবছর। এরই ধারাবাহিকতায় এখন বিভিন্ন সংগঠন ‘দেশি তাঁতবস্ত্র মেলা’ নামে এসব মেলার আয়োজন করছে। দিনে দিনে মেলায় আঙ্গিক ও পণ্যেও পরিবর্তন এসেছে। তাঁতবস্ত্রের সঙ্গে রকমারি হস্তশিল্পসামগ্রী, এমনকি তৈজসপত্রও উঠেছে মেলাগুলোতে। পুরান ঢাকা থেকে শুরু করে মিরপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অন্তত এক ডজন মেলা চলছে এখন। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে, মতিঝিলে পোস্ট অফিস হাইস্কুল মাঠ, বাসাবো, মুগদাপাড়া, খিলগাও, আগারগাঁও তালতলা, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল মাঠে প্রভৃতি। এ ছাড়া মেলা হচ্ছে মিরপুর ১০ নম্বর সেকশনে, উত্তরার আজমপুরে।মেলায় নানা ধরনের পণ্যের সমাবেশ ঘটলেও তাঁতবস্ত্রই প্রধান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা দেশি শাড়ির পসরা সাজিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নকশার ধরন ও কাপড়ের মান বিচারে শাড়ির দাম নির্ভর করে। সুতার দাম বেশি হওয়ায় এবার শাড়ির দাম খানিকটা চড়া। সুতি শাড়ি ৮০০ থেকে তিন হাজার টাকা এবং সিল্ক বা জামদানি শাড়ি দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত। বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল চত্বরে চলছে জামদানি তাঁতবস্ত্র মেলা। বিভিন্ন শাড়ির দোকানের কারণে এ পাড়ায় এমনিতেই ক্রেতার ভিড়ভাট্টা লেগে থাকে। মেলায়ও পড়ছে তাদের পদধূলি। এখানে জামদানি ছাড়াও বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি, লুঙ্গি ও থানকাপড় মিলছে। মতিঝিলের পোস্ট অফিস হাইস্কুলের পাশে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী রিশাদ ফায়সাল বললেন, ‘অফিসপাড়ার চাকুরেরাই এখানে প্রধান ক্রেতা। যাতায়াতের পথে তাঁরা মেলায় ঢুঁ দিয়ে যান।’ এ মেলার একজন দোকানি জানালেন, সাধারণত ১৫ রোজার পর থেকেই মেলায় বেচাকেনা জমে ওঠে। মেলা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।