রাজধানীতে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ (ভিডিও)
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে এ হরতাল ডাকা হয়।নয়াপল্টন: আজ দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পরপর চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। মিরপুর: সকাল ছয়টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনে প্রশিকা ভবনের সামনে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকেরা। এর কিছুক্ষণ পর ছাত্রদল ও যুবদলের একটি মিছিল থেকে একই স্থানে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালানো হয়। সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুরের ঢাকা কমার্স কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সকাল সাতটার দিকে মিরপুর ১০ নম্বরে একটি বাসে ভাঙচুর চালায় হরতাল সমর্থকেরা। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা যায়নি। মিরপুর এলাকায় সকাল ১০টা পর্যন্ত যান চলাচল কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে। গাবতলী: হরতালে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজধানীর বাইরে থেকে কোনো বাস আসেনি। তেজগাঁও: তেজগাঁও কলেজের সামনে হরতাল সমর্থকদের মিছিল লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পান্থপথ: রাজধানীর পান্থপথে সকালের দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আজ সকাল পৌনে নয়টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগার ও মসজিদের মধ্যবর্তী এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জুলহাস নামের এক বহিরাগতকে আটক করেছে পুলিশ।শাঁখারীবাজার: সকালে রাজধানীর শাঁখারীবাজার এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে শাঁখারীবাজার এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা জেলা দায়রা জজ আদালতের সামনের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় আদালতের সামনে রাখা একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয় এবং তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায় পিকেটাররা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে জানান, এ হামলা পরিকল্পিত। ঘটনার ৩০ মিনিট পর গাড়ির মালিক ইকবাল হাসান ও চালক মো. রফিক গাড়ির কাছে এলে পুলিশ তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ির মালিক ইকবাল হাসান সাংবাদিকদের বলেন, তাঁর এক আত্মীয়ের মামলায় সাক্ষ্য দিতে তিনি সাভারের আমিনবাজার থেকে আদালতে যাচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাঁদের আটক করেছে।