রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর ও শাহবাগ এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়ে থাকা ১৫ জনকে পুলিশ উদ্ধার করেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শাহাদাত হোসেন (৩৮), বিশ্বনাথ (২৮), সাব্বির (৪০), আয়নাল (৬০) ও গোলাম রসুল (৪০)। এই ১৫ জনের মধ্যে শাহবাগ এলাকা থেকে ১৩ জনকে ও কমলাপুর এলাকা থেকে দুজনকে উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, অজ্ঞান পার্টিন সদস্যরা এই ১৫ জনকে অচেতন করে তাঁদের টাকাপয়সা নিয়ে গেছে।মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন গরুর হাটে চা বিক্রেতা সেজে গরুর ব্যাপারিদের চা পান করায়। এই চায়ের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন ঘুমের ওষুধ এটিভেন দেওয়া হয়। এরপর ব্যাপারিরা অচেতন হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা গরু নিয়ে পালিয়ে যায়। একইভাবে এই চক্র ক্রেতাদের অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যায়।ডিবি পুলিশ এ রকম একটি চক্রের সন্ধান পায়। গতকাল সোমবার বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে আগারগাঁও ও তালতলা গরুর হাট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে নিয়ে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।