রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় অপর চারজনকে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত ওই ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম নূর ইসলাম (৪০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুরে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।পুলিশ সূত্র জানায়, নূর ইসলাম গত বৃহস্পতিবার সকালে বাবুবাজার চালের আড়তের কাছে একটি রিকশাভ্যানের ওপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তাঁর কাছে প্যাকেটে কিছু নতুন পোশাক ও পকেটে জাতীয় পরিচয়পত্রটি পাওয়া গেছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। ওই পোশাকগুলো তিনি ঈদ উপলক্ষে কিনেছিলেন।মিটফোর্ড হাসপাতালের একজন চিকিৎসক জানান, অজ্ঞান পার্টির সদস্যরা নূর ইসলামকে নেশাজাতীয় দ্রব্য মেশানো কিছু খাইয়েছে, যার বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।এদিকে গতকাল চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাঁদের মধ্যে সকাল আটটার পর কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় নারায়ণ ঘোষ (৫৫) ও রাজীবকে (৩৫)। অপর দুজনের একজন আবদুল মজিদ (৫২)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পথচারীরা ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনে। পুলিশ জানায়, এই চারজনই অজ্ঞান পার্টির কবলে পড়েছেন।নারায়ণ ঘোষের ভাইপো সজল চন্দ্র ঘোষ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ শহরের নাটক ঘর লেনে তাঁর কাকার মুদিদোকান আছে। ভোরে কাকার সঙ্গে তিনি একই ট্রেনে ঢাকায় আসেন। তবে তিনি ছিলেন অন্য বগিতে। ট্রেন থেকে কাকার নামতে দেরি দেখে তিনি আবার ট্রেনে উঠে তাঁকে আসনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।সজল জানান, তাঁর কাকার কাছে ১২ হাজার টাকা ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অজ্ঞান করে ওই টাকা নিয়ে গেছে। লালবাগে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঢাকায় আসেন।