রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার
রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে আজ বুধবার সকালে জামালউদ্দিন (২৬) নামের একজন বাসযাত্রীকে অজ্ঞান করার সময় নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্য গণপিটুনির শিকার হয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, জামালউদ্দিন আজ শরীয়তপুর থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় অজ্ঞান পার্টির তিন সদস্য নূরজাহান (৪২), সবুজ (৩৫) ও হাবিব (২৫) তাঁর সঙ্গে ভাব ও অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা আচার খাইয়ে দিলে জামালউদ্দিনের অজ্ঞানের মত অবস্থা হয়। বিষয়টি বাসের চালক ও সহযোগী বুঝতে পেরে তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলে এবং গণপিটুনি শুরু করে। বংশাল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে জামালউদ্দিনসহ তাঁদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বংশাল থানার উপপরিদর্শক তায়াবীর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালউদ্দিন একজন টাইলস মিস্ত্রি এবং তাঁর কাছে প্রায় ৬০ হাজার টাকা ছিল।