রাজধানীতে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার
প্রথমে একজন যাত্রী নির্দিষ্ট স্থানের কথা বলে সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো গাড়ি ভাড়া করেন। ওই স্থানে আসার পর ওই যাত্রীর সাঙ্গপাঙ্গরা এসে চালককে মারধর করে গাড়িটি ছিনিয়ে নিয়ে যান। এরপর তাঁরা গাড়ি ফিরিয়ে দেওয়ার শর্তে মালিকের কাছ থেকে মুঠোফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এই কৌশলে গাড়ি ছিনতাই করে চাঁদা আদায়কারী চক্রের তিন সদস্যকে পুলিশ আজ শুক্রবার ও গত বুধবার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মামুন সিকদার ওরফে সিএনজি সিকদার (২৮), মামুন সরদার (২১) এবং মো. আলমগীর ওরফে পিঠা আলমগীর (৫০)। তাঁদের মধ্যে মামুন সিকদার ওই চক্রের প্রধান বলে পুলিশ জানিয়েছে।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন করিম জানান, গত বুধবার রাত তিনটার দিকে বেড়িবাঁধের কোম্পানি ঘাট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মামুন সরদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কিন্তু অপর এক ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর মামুন সরদারকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে মামুনের স্বীকারোক্তি অনুসারে গতকাল রাত নয়টার দিকে মোহাম্মদপুর বসিলা সড়ক এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। এরপর আজ বেলা একটার দিকে পুলিশ রায়েরবাজার এলাকার ৩/২ নম্বর বাসায় অভিযান চালিয়ে চক্রের অপর দুই সদস্য মামুন সিকদার ও মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি ছিনতাই করেন এবং গাড়ির পেছনে লেখা মুঠোফোন নম্বরে ফোন করে চাঁদা দাবি করেন।এসআই আরও জানান, গত বুধবার রাতে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা যাত্রীবেশে তেজগাঁও এলাকা থেকে ওই অটোরিকশায় ওঠেন এবং শংকরে নামিয়ে দেওয়ার কথা বলেন। শংকরে আসার পর তাঁরা চালক রাফিউল আলমকে মারধর করে অটোরিকশাটি নিয়ে বেড়িবাঁধের দিকে চলে যান। পরে রাফিউল টহল পুলিশকে বিষয়টি জানান।যোগাযোগ করা হলে অটোরিকশার মালিক মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, অটোরিকশাটি ফিরিয়ে দেওয়ার শর্তে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল।থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মামুন সিকদার শ্যামপুর থানার একটি ছিনতাই মামলার আসামি। সম্প্রতি এক মাস জেল খেটে তিনি জামিনে বের হয়ে আগের পেশায় ফিরে গেছেন। মামুন সরদারের বিরুদ্ধে উত্তরা থানায় একটি ছিনতাই মামলা আছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আরও দুজন সদস্যের নাম বলেছেন। তাঁদের মধ্যে একজন হচ্ছেন মামুন সরদারের ভাই মাওলা। মাওলাও ছিনতাই মামলায় হাজতে আছেন। এ চক্রটি দীর্ঘ পাঁচ-ছয় বছর এ ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে বলে পুলিশ জানায়।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।