রাজধানীতে অনলাইনে জিডি করার সুবিধা চালু আজ থেকে
ঘরে বসে অনলাইনে রাজধানীর সব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিষেবা আজ শনিবার থেকে চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে খুব জরুরি নয় এবং তাত্ক্ষণিক পুলিশি সহায়তার প্রয়োজন নেই, অনলাইনে এমন জিডি করার অনুরোধ করেছে পুলিশ।অনলাইনে জিডি নেওয়া এবং দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে থানায় কর্মরত পুলিশ সদস্যদের শেখাতে গতকাল শুক্রবার ডিএমপির পক্ষ থেকে কর্মশালার আয়োজন করা হয়। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় মহানগর পুলিশের সব উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপস অফিসাররা উপস্থিত ছিলেন। কর্মশালায় নতুন পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক। পুলিশ কর্মকর্তারা জানান, ‘ও পুলিশ, ও বন্ধু আমার’ নামের একটি প্রকল্পের আওতায় রাজধানীর থানাগুলোতে এ ব্যবস্থা চালু হয়েছে। দুই মাস আগে পরীক্ষামূলকভাবে উত্তরা থানায় এ ব্যবস্থা চালু হয়েছিল। তাঁরা জানান, প্রথম পর্যায়ে অনলাইনে সাত ধরনের জিডি নেওয়া হবে। এগুলো হলো: পাসপোর্ট, সনদপত্র, পরিচয়পত্র, চেকবই বা গুরুত্বপূর্ণ দলিল হারানো; বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাসংক্রান্ত তথ্য; ছিনতাইয়ের শিকার ব্যক্তি যখন নিরাপদ স্থানে অবস্থান করবেন; জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন অবৈধ সমাবেশ; গৃহকর্মী, দারোয়ান, নৈশপ্রহরী নিয়োগ বা পালিয়ে যাওয়া; নতুন বা পুরোনো ভাড়াটেসংক্রান্ত তথ্য এবং প্রবাসীদের সমস্যাসংক্রান্ত অভিযোগ। তবে এসব ক্ষেত্রে তাত্ক্ষণিক পুলিশি সহায়তার প্রয়োজন হলে ফোনে অথবা সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করতে হবে।যেভাবে জিডি করতে হবে: অনলাইনে জিডি করতে হলে প্রথমে ডিএমপির দাপ্তরিক ওয়েবসাইট www.dmp.gov.bd-তে যেতে হবে। সেখানে citizens help request নামের লিঙ্কে ক্লিক করলেই জিডির ফরম পাওয়া যাবে। ওই ফরমে প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট লেখাতে ক্লিক করতে হবে। এর পর স্বয়ংক্রিয়ভাবে একটি নম্বর দেওয়া হবে। এ নম্বরটি সংরক্ষণ করতে হবে। জিডি পাওয়ার পর পুলিশ এ ব্যাপারে নেওয়া আইনগত পদক্ষেপ সম্পর্কে আবেদনকারীকে জানাবে। কেউ জিডির রিসিভ কপি নিতে চাইলে তাঁকে থানায় গিয়ে তা নিতে হবে। পুলিশ কর্মকর্তারা জানান, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই অনলাইনে জিডি করা যাবে। অনলাইনে জিডি সম্পর্কে মহানগর পুলিশ কমিশনার বলেন, প্রথম দিকে এ ব্যবস্থা চালু করতে গিয়ে কিছু ত্রুটি হতে পারে। ধীরে ধীরে এসব সমস্যার সমাধান করা যাবে।