রাজধানীতে অপরাধ আগের চেয়ে কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে অপরাধ গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে বেড়েছে। তবে এ বৃদ্ধি উদ্বেগজনক নয়। আজ রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অপরাধবিষয়ক মাসিক সভা শেষে এক ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা জানান। অপরাধসংক্রান্ত সভায় রাজধানীর সব অঞ্চলের উপকমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। কমিশনার বলেন, এ বছরের মার্চ মাসে রাজধানীতে পাঁচটি ডাকাতি, ১৩টি ছিনতাই, ২৩টি খুনের ঘটনা থানায় রেকর্ড করা হয়েছে। এ সময় নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ২০টি। ১০টি অপহরণ ও ৪৯টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ হার ফেব্রুয়ারি মাসের তুলনায় বেশি উল্লেখ করে কমিশনার বলেন, গত মাসের তুলনায় রাজধানীতে খুন, ছিনতাই ও ধর্ষণ বেশি হয়েছে। তবে ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ার কারণে এ মাসে মামলার সংখ্যা বেশি হয়েছে বলে তিনি জানান।কমিশনার বলেন, গত মাসে রাজধানীতে ২৩টি খুনের মধ্যে অবৈধ অস্ত্রের গুলিতে খুন হয়েছেন চারজন, পূর্বশত্রুতার জের হিসেবে খুন হয়েছেন চারজন, অজ্ঞাত কারণে খুন হয়েছেন সাতজন, স্বামীর হাতে খুন হয়েছেন দুজন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন দুজন। অন্যরা অন্যান্য অপরাধে খুন হয়েছেন।কমিশনার বলেন, রাজধানীতে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় পুলিশ অভিযান শুরু করেছে। এখন মাদকের আস্তানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।নববর্ষের নিরাপত্তার ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। এর পরও পুলিশ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে।