রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অস্ত্র, গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল। গ্রেপ্তার অভিযানের সময় র্যাবের ওপর হামলার চেষ্টা চালালে পাল্টা গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে র্যাব জানিয়েছে।আজ রোববার দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম (২৮), হাফিজ উদ্দিন (২০), মহিউদ্দিন (২০), সজীব রায়হান (১৯), আইয়ুব আলী (২২) ও মো. জামাল (১৮)।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শাহ আলম ও হাফিজউদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, একটি খেলনা রিভলবার, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।র্যাবের মেজর রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালায় র্যাব-১-এর একটি দল। অভিযানের সময় র্যাবের ওপর হামলার চেষ্টা চালালে র্যাবের পাল্টা গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় অস্ত্র-গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।