রাজধানীতে আগুন আতঙ্কে দুই পোশাকশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁরপুলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের গুজবে তাড়াহুড়া করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে জেসমিন আক্তার (১৭) ও তাসনিমা বেগম (২০) নামের দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে ৪৮ জন নারীশ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউরো টেক্স নামে ওই পোশাক কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার খাওয়ার সময় তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করলে কারখানায় আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা তাড়াহুড়া করে নিচে নামতে থাকেন। কারখানাটির অপ্রশস্ত সিঁড়ি দিয়ে একসঙ্গে নামতে গেলে পায়ের নিচে চাপা পড়ে ৫০ জন শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সকেরা জানান, হাসপাতালে নেওয়ার পরে আহতদের মধ্যে দুজন মারা যান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বলেন, পোশাক কারখানাটিতে আগুন লাগেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে কোনো কাজ করতে হয়নি বলে তিনি জানান। পোশাক কারখানাটির মান নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিন তলায় বয়লার বিস্ফোরণের ফলে সেখান থেকেই ধোঁয়া বের হওয়া শুরু হয়। এ সময় শ্রমিকেরা আগুনের আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ কারণেই দুর্ঘটনা ঘটে।