রাজধানীতে আগুনে পুড়ে মা-ছেলের মৃত্যু, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোরানে গতকাল শুক্রবার রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একই পরিবারের চারজন পুড়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে দুজন আজ শনিবার মারা গেছে।নিহত ব্যক্তিরা হলেন—আলেয়া বেগম (৫৫) ও তাঁর ছেলে আরিফুল ইসলাম ওরফে জুয়েল (৩২)। আলেয়া বেগম জনতা ব্যাংকের মতিঝিল শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি আজ ভোর সাড়ে পাঁচটায় এবং তাঁর ছেলে জুয়েল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আলেয়ার স্বামী আবদুল হাই (৬৫) ও পুত্রবধূ খুকুমনি (২৭) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা জানান, আলেয়ার শরীরের ৭৫ শতাংশ ও জুয়েলের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। ফলে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। বার্ন ইউনিটে চিকিৎসাধীন খুকুমনির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আলেয়ার স্বামী আবদুল হাইয়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এস এম জিয়াউদ্দিন জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোরানের ৩১৬/৯, শান্তিপুরের বাসিন্দা আবদুল হাইয়ের পাঁচ তলা বাড়ির দোতলার শোয়ার ঘরে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়। আগুন আসবাবপত্র ও বিছানায় লেগে মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।এদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ওই বাসার গৃহকর্মী বলেছেন, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মা, বাবা ও স্ত্রীর সামনে জুয়েল গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে পরিবারের বাকি সবাই অগ্নিদগ্ধ হন।