রাজধানীতে আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ রোববার রাজধানীতে অর্ধদিবস হরতাল পালন করবে। সংগঠনটি গত ১৮ জুন হরতাল ডাকে।এদিকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি তুলে দেওয়ার প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল পালন করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, হরতালের পক্ষে মিছিল বের করায় গতকাল শনিবার দলের ২৫ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।হরতালের সমর্থনে মিছিল করার অভিযোগে গতকাল রাতে রাজধানীর মিরপুরের মাজার রোডে সাতজনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে দুই মাস করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হরতাল সফল করার আহ্বান জানিয়ে গতকাল শনিবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির অভিযোগ, জাতীয় কমিটির ডাকা হরতালের দিন ধর্মভিত্তিক দলও তাদের কিছু দাবি নিয়ে হরতাল ডেকেছে। বিভ্রান্তি ছড়ানোর জন্যই তারা এই হরতাল দিয়েছে।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতারা বলেন, অতীতের মতো এবারও সরকার দমন-পীড়ন এবং অপপ্রচার চালিয়ে হরতাল বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন স্থানে হরতালের সমর্থনকারীদের ওপর পুলিশি ও সরকারদলীয় নেতা-কর্মীদের হামলা, সিপিবির নেতা-কর্মীদের আটক, ব্যানার-লিফলেট ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।সংবাদ সম্মেলনে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর প্রধান সড়কগুলোতে অবস্থান করতে হরতাল সমর্থনকারীদের আহ্বান জানানো হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, খাবার ও ওষুধের দোকান এবং সংবাদপত্র হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য-সচিব আনু মুহাম্মদ, বিচারপতি গোলাম রাব্বানী, সিপিবির নেতা রুহিন হোসেন প্রমুখ বক্তব্য দেন।সংক্ষিপ্ত হলো ইসলামী আন্দোলনের হরতাল: ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনব্যাপী হরতাল ডাকলেও হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা পালনের সুবিধার্থে অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।দলের মহাসচিব ইউনুছ আহমাদ প্রথম আলোকে বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে ইসকন বাংলাদেশ রথযাত্রা পালনের জন্য হরতাল প্রত্যাহার করতে ইসলামী আন্দোলনের কাছে লিখিত অনুরোধ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে গতকাল বিকেলে হরতালের সমর্থনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা দলের কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ব্যানার ও মাইক কেড়ে নেয়।পরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী অভিযোগ করেন, হরতালের পক্ষে মিছিল বের করতে গেলে পুলিশ তাঁদের ২৫-৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে। দুপুর একটা থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ব্যানার ও মাইক কেড়ে নেওয়ার ঘটনা স্বীকার করে বলেন, হরতালের সমর্থনে দলটির মিছিল বের করার কথা ছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না।সাতজনকে দুই মাস করে সাজা: রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় হরতালের সমর্থনে গতকাল রাত আটটার দিকে মিছিল করার সময় সাতজনকে আটক করে দারুস সালাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, জুয়েল (৫২), ইউনুস আলী (২২), নুরুল ইসলাম (২২), ওমর ফারুক (৩২), আক্তার হোসেন (৩৮), মাসুম বিল্লাহ (১৯)। দারুস সালাম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন ওই কারাদণ্ডাদেশ দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিল এবং মিছিল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এরপর পুলিশ তাদের আটক করে। বাসে আগুন: রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হরতাল সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।ফায়ার সার্ভিস সূত্র ও কাফরুল থানা পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর থেকে কয়েকজন যুবক ফার্মগেট যাওয়ার কথা বলে মিরপুর-গুলিস্তানগামী সময় নিয়ন্ত্রণের একটি বাসে ওঠে। বাসটি শেওড়াপাড়ায় আসার পর ওই যুবকেরা তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভীতসন্ত্রস্ত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। বাসের সব সিট পুড়ে গেছে।কাফরুল থানার এসআই কাজী শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ। এ ছাড়া গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে একটি মিনিবাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, বাসটি থামা অবস্থায় ছিল। যাত্রী ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি। শাহবাগে ককটেল বিস্ফোরণ: শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাদা প্রাইভেট কারে কয়েক যুবক শাহবাগে মোড়ে এসে থামে। পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা কার নিয়ে দ্রুত কাঁটাবনের দিকে চলে যায়। এতে ফুটপাতে বসে থাকা এক শিশুর হাতে বারুদ লাগে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট এবং আজকের হরতালকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। ওসি রেজাউল জানান, ওই মোড়ে বেশ কয়েকটি দোকান ও লোকসমাগম ছিল। বিকট শব্দ শুনে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন সংগঠনের আবির্ভাব: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের আগের দিন বিকেলে ‘তেল-গ্যাস ব্যবস্থাপনা জাতীয় কমিটি’ নামে নতুন একটি সংগঠনের আবির্ভাব ঘটেছে। কমিটির ১১ দফা রূপরেখার অন্যতম হচ্ছে—তেল-গ্যাস রক্ষার নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা বন্ধ করা ও দেশের স্বার্থে হরতালকে না বলা।আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে একমাত্র বক্তব্য দেন কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল। ১১ সদস্যের কমিটির মাত্র তিনজন এ সময় উপস্থিত ছিলেন।ডিএমপির নিরাপত্তামূলক ব্যবস্থা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, হরতালের আগের দিন রাতে ও হরতাল চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর জনমনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।বিভিন্ন সংগঠনের হরতালে সমর্থন: তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকায় অর্ধদিবস হরতাল ও দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। হরতালের পক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে সাংস্কৃতিক মঞ্চ।এ ছাড়া গণসংহতি আন্দোলন, মেহনতি জনতা পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, সামাজিক মুক্তি, গণতান্ত্রিক মজদুর পার্টিসহ বিভিন্ন সংগঠন হরতালকে সমর্থন জানিয়েছে।