মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে আজ রোববার ঢাকায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল সাতটার দিকে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে আটক করে পৌনে এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতর ঢুকে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। আটক ২০০: দুপুর ১২টায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর আনু মুহাম্মদ মুক্তি ভবনের সিঁড়িতে সংবাদ সম্মেলনে দাবি করেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আজ তাঁদের ২০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। হরতাল শেষ হওয়ার পরও তাঁদের মুক্তি ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোথাও বের হতে দেওয়া হচ্ছে না। আটক ব্যক্তিদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ আছেন। আনু মুহাম্মদের সংবাদ সম্মেলন: দুপুর ১২টায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর আনু মুহাম্মদের নেতৃত্বে জাতীয় কমিটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করতে চান। তবে পুলিশ তাঁদের আটকে দিলে মুক্তি ভবনের সিঁড়িতেই তাঁরা সংবাদ সম্মেলন করেন। আনু মুহাম্মদ বলেন, কাল সোমবার বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় কমিটি। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আনু মুহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, হরতালের সময় দমন-পীড়ন চালিয়ে সরকার প্রমাণ করেছে তাঁদের দাসখত দেওয়া আছে, মুচলেকা দেওয়া আছে। তাঁরা দেশের সম্পদ মার্কিনদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাঁদের দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছে। জাতীয় সম্পদ তুলে দেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করেছে। টিএসসিতে ধরপাকড়: বেলা ১১টার দিকে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতর ঢুকে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। বিভিন্ন তলার কক্ষে গিয়ে তল্লাশি চালিয়ে রিপন কুমার দাস ধ্রুব, সেজুঁতি নওরোজ, সোহেল মাহমুদ রানাসহ সাতজনকে আটক করেছে। এঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। আটক শিক্ষার্থীদের দাবি, তাঁরা নির্দোষ। এ ব্যাপারে পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায়ের দাবি, হরতালের নামে অরাজকতা সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের জন্য তাঁদের আটক করা হয়েছে। তবে বিনা অনুমতিতে টিএসসির ভেতর ঢুকে এ ধরনের তল্লাশি পুলিশ চালাতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, অপরাধী খুঁজতে পুলিশ যেকোনো জায়গায় যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, টিএসসি ও ক্যাম্পাস এলাকায় পুলিশ মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। তবে টিএসসির ভেতর ঢুকে কোনো সাধারণ শিক্ষার্থীকে আটক করা হলে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বলা হবে। পুরানা পল্টন: সকাল ছয়টার দিকে কমিটির নেতা-কর্মীরা রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে ১৩ জনকে আটক করে।সকাল সাতটার দিকে আনু মুহাম্মদের নেতৃত্বে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে কমিটির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাঁকেসহ পাঁচজনকে আটক করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি মুক্তি ভবনের সামনে সবার উদ্দেশে বলেন, ‘আমি মূলত গৃহবন্দী। আমাকে ছেড়ে দেওয়া হলেও ‘মুভ’ না করতে বলেছে পুলিশ।’ তিনি আরও বলেন, জাতীয় সম্পদের ওপর জনগণ যখন তাদের মালিকানা উপলব্ধি করবে, তখন শাসক শ্রেণী পুলিশ দিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়: সকাল পাঁচটা থেকে বাম সংগঠনের নেতা-কর্মীরা টিএসসিতে সমবেত হতে থাকেন। সোয়া ছয়টার দিকে তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত থেকে আটজন আহত হন। চারজন মেয়েসহ ১৩ জনকে আটক করে পুলিশ। রাজধানীতে যান চলাচল: সকাল থেকে রাজধানীতে বিক্ষিপ্তভাবে কিছু বাস-মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলছে, তবে সংখ্যা কম। হরতাল উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোর থেকে রাজধানীর রাস্তায় পুলিশ ও র্যাবের টহল চলছে। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি ১৮ জুন হরতাল ডাকে।