রাজধানীতে আটকের পর তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আজ শনিবার দুপুরে আটকের পর মো. হৃদয় (১৯) নামের এক তরুণ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে খিলক্ষেত থানার দুজন উপপরিদর্শক (এসআই) হৃদয়কে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু বলতে পারি না। ওসি স্যারের সঙ্গে কথা বলেন।’ যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর ১২টার দিকে খিলক্ষেত থানার ফুটওভার ব্রিজের নিচে মুঠোফোন চোর সন্দেহে জনতা হূদয়কে ধরে টহলরত র‌্যাবের কাছে সোপর্দ করে। ওই সময় র‌্যাব পুলিশের কাছে সোপর্দ করে তাঁকে। ওসি আরও বলেন, থানায় নেওয়ার পর হঠাৎ চিত্কার-চেঁচামেচি করতে থাকেন হৃদয়। একপর্যায়ে অচেতন হয়ে গেলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। হৃদয় মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।তবে যোগাযোগ করা হলে র‌্যাব-১-এর পরিচালক ইসমত হায়াত বলেন, র‌্যাব থাকলেও পুলিশই ওই তরুণকে থানায় নিয়ে যায়। এর সঙ্গে র‌্যাবের সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবুও তাঁর লাশের ময়নাতদন্তের কথা বলা হয়েছে। এদিকে আজ রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণের কোনো স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাননি।