রাজধানীতে আটজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির তিন দিনে রাজধানীতে আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে গরুর গুঁতায় ঢাকা সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর ও সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ছাদ থেকে পড়ে ও গলায় ফাঁস দিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় ডাস্টবিন থেকে ময়লা পরিষ্কার করছিলেন ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মঞ্জু মোল্লা (৬০)। এ সময় পাশে বেঁধে রাখা একটি কোরবানির গরু ছুটে গিয়ে মঞ্জুর পেটে গুঁতা দেয়। তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জু বংশালের মাজেদ সরদার সড়কের ২৫/১ নম্বর বাড়িতে বাস করতেন।গত রোববার রাত সোয়া ১১টার দিকে কলাবাগান এলাকার নর্থ সার্কুলার রোডের একটি বাসার ছয়তলা ফ্ল্যাট থেকে শ্যামল মজুমদার (২৪) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত শ্যামলের লাশ সিলিং ফ্যানের সঙ্গে রশি বাঁধা অবস্থায় ঝুলছিল। তিনি তেজগাঁও সরকারি কলেজের মার্কেটিংয়ে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি এলাকায়। তিনি পড়াশোনার পাশাপাশি ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন।রোববার সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিলের মোমিনবাগ এলাকার একটি বাড়ির সামনে থেকে কিশোরী গৃহকর্মী শারমীনের (১৬) মৃতদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পুলিশ জনায়, ওই বাড়িটির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিল শারমীন। রোববার সকালে কাপড় শুকাতে ছাদে উঠলে সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রোববার (ঈদের আগের) রাতে গুলিস্তান পার্কের কাছে বাস থেকে নামার সময় ওই বাসের চাকাতেই পিষ্ট হয়ে ফরহাদ হোসেন প্রিতম (১৮) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হন। ৬ নম্বর রুটের ওই বাসটি চলন্ত অবস্থায় যাত্রী নামাচ্ছিল। পরে বন্ধুরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পরদিন বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ফরহাদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি পরিবারের সঙ্গে আর কে মিশন রোডে থাকতেন।রোববার বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে একটি বেপরোয়াগতির বাসের ধাক্কায় কার উল্টে এর চালক মো. হাবিব (৩০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি খুলনার কয়রা এলাকায়। দক্ষিণখানের চালাবন এলাকার রুহুলের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। একই দিন রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি গাইবান্ধার ৮ নম্বর বড়গ্রাম এলাকায়। অন্যদিকে ঈদের দিন বেলা দেড়টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউর কারওয়ান বাজার এলাকায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঈদের দিন সকালে দক্ষিণখান এলাকার ৮ নম্বর শিকদার বস্তিতে ঘরের আড়ার সঙ্গে ফিতায় ফাঁস দিয়ে রত্না আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রত্না টঙ্গী সিরাজ উদ্দিন হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।