রাজধানীতে আবার যুবক অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দয়াগঞ্জের তিন তরুণকে অপহরণের পর গুপ্তহত্যা ও যাত্রাবাড়ীর বিএনপির এক নেতাকে গুমের ঘটনার পর আবারও রাজধানীতে নিজ বাসার কাছ থেকে এক যুবক অপহূত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে নিজ বাসার কাছ থেকে সাদা পোশাকের কিছু লোক ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কে এম শামীম আকতারকে অপহরণ করেছে।গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে শামীম আকতারের পরিবার অভিযোগ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অপহরণে জড়িত। শামীম গুপ্তহত্যার শিকার হতে পারেন বলে পরিবারটি আশঙ্কা প্রকাশ করেছে। এ ঘটনায় অপহূত যুবকের স্ত্রী পল্টন থানায় মামলা করতে গেলে তিন ঘণ্টা বসিয়ে রেখে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। পরে শামীম নিখোঁজ হয়েছেন মর্মে সাধারণ ডায়েরি নথিবদ্ধ করেছে পুলিশ। অপহূত শামীম ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়ায়। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ঢাকায় ব্যবসা করতেন। তাঁর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে শামীমের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘ক্রসফায়ার’ থেকে বাঁচতে তিনি মালয়েশিয়ায় চলে যান। বর্তমান সরকারের আমলে দেশে ফিরে আসেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শামীমের মা জোহরা আকতার বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে শামীম ঘরোয়া পোশাকে পুরানা পল্টন লাইনের বাসার নিচে দোকানে কিছু কেনাকাটার জন্য বের হয়েছিলেন। দুপুর ১২টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় দোকানদারেরা জানান, শামীমকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন। এ খবর জানার পর পরিবারের সদস্যরা দ্রুত পল্টন থানা ও ওই এলাকার দায়িত্ব পালনকারী র‌্যাব-৩-এর কার্যালয়ে গিয়ে খোঁজখবর করেন। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। জোহরা আকতার বলেন, প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে তিনি ধারণা করছেন, শামীমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ধরে নিয়ে গেছেন। ছেলেকে গুপ্তহত্যা ও গুম করা হতে পারে বলে জোহরা আকতার শঙ্কা প্রকাশ করেছেন। সম্প্রতি রাজধানী থেকে এ রকম অনেক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে অপহরণের পর গুপ্তহত্যা বা গুম করা হয়েছে। তাই শামীমের পরিবারও একই শঙ্কা করছে।যেভাবে অপহরণ: পুরানা পল্টন লাইনের একজন সবজি বিক্রেতা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে গলির ভেতরে একটি ওষুধ কোম্পানির কার্যালয়ের সামনে টি-শার্ট ও প্যান্ট পরা একজন লোক শামীমকে জাপটে ধরেন। পাশ থেকে আরও দুজন এসে তাঁর দুই হাত চেপে ধরেন। আরেকজন তাঁর মুখে স্কচটেপ সেঁটে দেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে বটতলা মসজিদের দিকে নিয়ে যান।বটতলা মসজিদের পাশের একজন চা বিক্রেতা বলেন, মুখে স্কচটেপ মারা ওই যুবককে মসজিদের পাশে রাখা একটি মাইক্রোবাসে তোলা হয়। গাড়িতে তোলার আগমুহূর্তে কোনোভাবে মুখের স্কচটেপ খুলে ‘আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে’ বলে শামীম চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগোনোর চেষ্টা করলে অপহরণকারীরা ধমক দিয়ে বলেন, ‘কেউ এখানে আসবেন না, সমস্যা হবে।’ এরপর খুব দ্রুত তাঁরা মাইক্রোবাস নিয়ে চলে যান।এ ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, ঘটনা কী ঘটেছে, তা তদন্ত না করে বলা যাবে না। সাধারণ ডায়েরির বিষয়টি পুলিশ তদন্ত করছে।